আজ থেকে নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

জাতীয় স্লাইড

নতুন বেতনকাঠামোয় আজ রবিবার থেকে তিন মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের। এ জন্য বেতন পরিশোধের প্রস্তুতি নিয়েছে সরকার।

তবে নতুন কাঠামোয় বেতন নির্ধারণের কাজ শেষ না হওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারী আপাতত পুরনো কাঠামোয় বেতন পাবেন। পরে তাদের বর্ধিত বেতন ও বকেয়া সমন্বয় করা হবে।

অর্থ বিভাগের সূত্র জানায়, প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, আট লাখ পেনশনভোগী ও ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষকের মধ্যে অনেকে এখনো নতুন কাঠামোয় বেতন নির্ধারণের কাজ শেষ করতে পারেননি। গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড, বাড়িভাড়া ভাতা ও পদোন্নতির পর আর্থিক সুবিধা নিয়ে নানা অসংগতি দেখা দিয়েছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস++-এর জটিলতা।

এসব সমস্যা সমাধানে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আবেদন করেছেন। তবে এখনো সেসব আবেদনের নিষ্পত্তি হয়নি।

অর্থ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন তৈরি ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতার ঘাটতির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

সমস্যাগুলো সমাধানে কাজ চলছে।

কর্মচারীদের অভিযোগ, নতুন কাঠামোয় বেতন নির্ধারণের পর কোনো কোনো ক্ষেত্রে নিচের গ্রেডের কর্মচারীর মূল বেতন ওপরের গ্রেডের কর্মচারীর চেয়ে বেশি হচ্ছে। যেমন, ১১তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন নির্ধারণ হচ্ছে ৩৭ হাজার টাকা। অথচ ১২তম গ্রেডের কর্মচারী পাচ্ছেন ৩৭ হাজার ৭০০ টাকা।

বাড়িভাড়া ভাতার হিসাবেও দেখা দিয়েছে জটিলতা।

কর্মচারীদের দেওয়া হিসাব অনুযায়ী, দশম গ্রেড থেকে নবম গ্রেডে পদোন্নতি পেলে মূল বেতন ১ হাজার ৩০০ টাকা বাড়লেও বাড়িভাড়া ভাতা কমতে পারে ১ হাজার ৯০০ টাকা। এতে মোট মাসিক আয় ৬০০ টাকা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া উচ্চতর গ্রেড পাওয়ার যোগ্যতা ও সময় নির্ধারণ এবং আইবাস++ ব্যবস্থায় বেতন নির্ধারণ নিয়েও আপত্তি রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের। ফলে নতুন কাঠামো কার্যকর হলেও সবার বেতন ও ভাতা নির্ধারণে জটিলতা কাটেনি। নির্ধারিত সময়ে বর্ধিত বেতন না পাওয়া ব্যক্তিদের বকেয়া ও বর্ধিত অর্থ কবে সমন্বয় হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *