ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৪১ জন নিহত হয়েছেন বলে হুতি গোষ্ঠী দাবি করেছে। শুক্রবার দেশটির বিভিন্ন প্রান্তে এই অভিযান চালানো হয়।
সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদাহ শহরও অন্তর্ভুক্ত ছিল। এই সামরিক অভিযানকে জোটের পক্ষ থেকে একটি ‘বিশেষ অভিযান’ হিসেবে অভিহিত করা হয়েছে।
হুদাইদাহ বন্দরে অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ পণ্য চোরাচালানের কাজে ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সৌদি জোট।
হুদাইদাহ ছাড়াও ইয়েমেনের রাজধানী সানা, সা’দা এবং তাইজ প্রদেশের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানোর খবর পাওয়া গেছে।
বিমান হামলা শুরু হওয়ার আগেই হুতি গোষ্ঠী কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। তারা জানিয়েছিল, হুদাইদাহ বন্দরে আঘাত এলে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে পাল্টা হামলা চালানো হবে।
হুতিদের সম্ভাব্য পাল্টা হামলার তালিকায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ জেদ্দা বন্দর থাকার কথাও উল্লেখ করা হয়েছিল।
একই সময়ে সৌদি আরবের আকাশসীমাকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল গোষ্ঠীটি।
হুতিদের হুমকির তালিকায় সৌদি রাজধানী রিয়াদের আর্থিক এলাকা এবং আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়ও ছিল।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযানের বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, হুদাইদাহ বন্দরে অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাচারের কাজে ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করেই সুনির্দিষ্টভাবে হামলা চালানো হয়েছে।
তুর্কি আল-মালকি আরো উল্লেখ করেন যে, রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে জোটের বাহিনী।
অন্য একটি এক্স পোস্টে আল-মালকি জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।
প্রতিহত করা ওই ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষ সৌদি আরবের আল-শুকাইক এলাকায় গিয়ে পড়েছে বলেও তিনি পোস্টে নিশ্চিত করেন।
এদিকে সাম্প্রতিক এই হামলার পর ইয়েমেনের মোখা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের ছবি প্রকাশ করেছে হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ।
