দেড় বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ সুগম করতে চায় বাংলাদেশ

জাতীয় স্লাইড

আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার পথ সুগম করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কূটনৈতিক আলোচনা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মিয়ানমারে রোহিঙ্গা জেনোসাইডের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় এবং এর তাৎপর্য তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে আইসিজের এই রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এই রায়ের মাধ্যমে আদালত মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড বা গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

একই সঙ্গে রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগত জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন সর্বোচ্চ এই আদালত। রায়ে স্পষ্ট করা হয়েছে যে, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা, সমৃদ্ধ সংস্কৃতি ও আলাদা জাতিগত পরিচয় রয়েছে এবং তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখাইন রাজ্যে বসবাস করে আসছে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, কয়েক দশক ধরে মিয়ানমার সরকার বৈষম্যমূলক আইন, কঠোর বিধিনিষেধ এবং পরিকল্পিত বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে রোহিঙ্গাদের মৌলিক অধিকার সংকুচিত করেছে।

তিনি আরও জানান, জেনোসাইড প্রতিরোধে মিয়ানমারের চরম ব্যর্থতার বিষয়টি আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। পাশাপাশি ২০২০ সালে আইসিজের দেওয়া অন্তর্বর্তী আদেশ অনুযায়ী গণহত্যার প্রমাণ সংরক্ষণের বাধ্যবাধকতা পালনেও দেশটি ব্যর্থ হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

আইসিজের এই রায়ের আইনগত বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়ে হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে কোনো আপিলের সুযোগ নেই। ফলে মামলার পক্ষগুলোর জন্য এই রায় প্রতিপালন করা আইনগতভাবে সম্পূর্ণ বাধ্যতামূলক।

গণহত্যার শিকার রোহিঙ্গাদের ক্ষতিপূরণের বিষয়ে গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, জেনোসাইডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে বহুপক্ষীয় অংশীদার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ন্যায়বিচার ও প্রাপ্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মামলায় বাংলাদেশের অবস্থান পরিষ্কার করে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ এই মামলার আনুষ্ঠানিক কোনো পক্ষ নয়। তবে প্রতিবেশী দেশ হিসেবে প্রায় ১৩ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া এবং দীর্ঘদিন ধরে এই বিশাল মানবিক সংকটের ভার বহন করার কারণে বাংলাদেশ শুরু থেকেই বিচারিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।

প্রতিমন্ত্রী মনে করেন, আইসিজের এই ঐতিহাসিক রায় রোহিঙ্গাদের মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ সুগম করতে একটি শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করবে।

তবে তিনি সতর্ক করে বলেন, কেবল দ্বিপক্ষীয় প্রচেষ্টায় এই দীর্ঘমেয়াদি সংকটের সমাধান সম্ভব নয়। রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

রাখাইনে রোহিঙ্গাদের সুরক্ষায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরাসরি কোনো মন্তব্য না করলেও আন্তর্জাতিক চাপের ওপর জোর দেন।

তিনি বলেন, প্রত্যাবাসনের পর রোহিঙ্গাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাখাইনে বসবাসের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী অবস্থান অপরিহার্য। বাংলাদেশ সবসময়ই এই মানবিক সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *