১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

আন্তর্জাতিক স্লাইড

আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তবে এই চুক্তি নবায়ন প্রসঙ্গে এখনো নতুন কোনো আশার আলো বা স্পষ্ট বার্তা দেয়নি ভারত।

শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল চুক্তির ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হন।

ব্রিফিংয়ে চুক্তি নবায়ন সংক্রান্ত আলোচনার অগ্রগতি কিংবা উচ্চপর্যায়ের কোনো তৎপরতা নিয়ে নতুন কোনো তথ্য জানাননি তিনি। বিষয়টি নিয়ে আগের মতোই সতর্ক অবস্থান ধরে রেখেছেন ভারতের এই মুখপাত্র।

উল্টো আগের ব্রিফিংগুলোতে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, সেই পুরোনো অবস্থানেই অটল থাকার কথা জানান রণধীর জয়সওয়াল। ফলে চুক্তির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে।

শুধু গঙ্গা চুক্তি নয়, আরও কয়েকটি স্পর্শকাতর ইস্যুতেও একই ধরনের অস্পষ্টতা বজায় রাখেন তিনি। এগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যসংক্রান্ত বিষয়।

পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের মতো সংবেদনশীল প্রসঙ্গেও পুরোনো সুরেই কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

চুক্তির মেয়াদ ফুরিয়ে আসার এই মুহূর্তে একদিকে যেমন নানা মহল থেকে এর নবায়নের বিরোধিতা শোনা যাচ্ছে, অন্যদিকে তেমনি আলোচনার অগ্রগতি নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।

এমন প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে কোনো অগ্রগতি হয়েছে কি না—সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন তোলা হয় ব্রিফিংয়ে।

জবাবে রণধীর জয়সওয়াল জানান, গঙ্গাসহ অভিন্ন নদী ও পানিসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন বা জেআরসি একটি প্রতিষ্ঠিত কাঠামো হিসেবে বিদ্যমান রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে ঢাকায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতি এবং সম্ভাব্য জেআরসি বৈঠক নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন ওঠে।

সাংবাদিকদের প্রশ্ন ছিল, এই বৈঠক থেকে কি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে, নাকি তা কেবল কারিগরি পর্যায়ের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

এমন প্রশ্নের উত্তরে রণধীর জয়সওয়াল বলেন, বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তার কাছে কোনো নতুন তথ্য নেই।

তবে বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে পরবর্তীতে জানাতে পারবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *