ডিসেম্বরে দর্শকদের জন্য আসছে একঝাঁক নতুন ও জনপ্রিয় সিরিজের নতুন মৌসুম। সাহিত্যনির্ভর গল্পের পাশাপাশি থাকছে রাজনৈতিক থ্রিলার, অপরাধ, রহস্য ও রোমান্টিক গল্প।
নেটফ্লিক্স, এইচবিও ও বিবিসিসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাওয়া এসব সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
ট্রিনিটি
‘লাইন অব ডিউটি’ ও ‘বডিগার্ড’ সিরিজের নির্মাতা জেড মারকিউরিওর নতুন রাজনৈতিক থ্রিলার ‘ট্রিনিটি’। এতে মার্কিন পারমাণবিক সাবমেরিনের কর্মকর্তা ক্যাথরিন ডেকারের চরিত্রে অভিনয় করেছেন গুগু এমবাথা-র।
আর মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ভূমিকায় রয়েছেন রিচার্ড ম্যাডেন। গল্পে এক রহস্যময় পরিকল্পনা নিয়ে ডেকার ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব।
উত্তেজনাপূর্ণ এই রাজনৈতিক থ্রিলার সিরিজটি আগামী ১ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।
হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন
জে কে রাউলিংয়ের কালজয়ী হ্যারি পটারের গল্প এবার আসছে টিভি সিরিজ হিসেবে। এইচবিওর নতুন এই আয়োজনের প্রথম মৌসুমে দেখানো হবে হগওয়ার্টসে হ্যারির প্রথম দিনগুলো।
পাশাপাশি রন ও হারমায়োনির সঙ্গে তার গড়ে ওঠা বন্ধুত্বের গল্পও উঠে আসবে এতে। নতুন এই সিরিজটিতে হ্যারির চরিত্রে অভিনয় করছেন ডমিনিক ম্যাকলাফলিন।
ডাম্বলডোর, ম্যাকগোনাগল, হ্যাগ্রিড ও স্নেপের মতো পরিচিত চরিত্রেও দেখা যাবে নতুন অভিনয়শিল্পীদের। সিরিজটি ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মুক্তি পাবে।
প্রাইড অ্যান্ড প্রিজুডিস
জেন অস্টেনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নতুন সিরিজ তৈরি করেছে নেটফ্লিক্স। এতে এলিজাবেথ বেনেটের চরিত্রে অভিনয় করেছেন এমা করিন।
আর মিস্টার ডার্সির চরিত্রে দেখা যাবে জ্যাক লোডেনকে। নতুন এই সংস্করণে বেনেট পরিবারের গল্পের পাশাপাশি মিসেস বেনেটের চরিত্রকেও ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
সাহিত্যপ্রেমীদের জন্য সিরিজটি ৩ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।
অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং
জনপ্রিয় রহস্য-কমেডি সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর ষষ্ঠ মৌসুমে নতুন এক হত্যাকাণ্ডের তদন্তে নামবে চার্লস, অলিভার ও মেবেল। এবার তাদের প্রতিদ্বন্দ্বী সিন্ডা ক্যানিংয়ের মৃত্যুর রহস্য খুঁজতে হবে।
এই তদন্তের সূত্র ধরেই তারা যাবে লন্ডনে। স্টিভ মার্টিন, মার্টিন শর্ট ও সেলেনা গোমেজের পাশাপাশি অতিথি চরিত্রে থাকছেন মেরিল স্ট্রিপ, ডেভিড টেন্যান্ট ও অলিভিয়া কোলম্যানের মতো তারকারা।
দ্য মার্ডার অব জনবেনেট র্যামসি
১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ছয় বছর বয়সী জনবেনেট র্যামসির হত্যাকাণ্ড আজও আলোচিত একটি অমীমাংসিত ঘটনা। এবার সেই আলোচিত ঘটনা নিয়ে তৈরি হয়েছে নতুন সিরিজ।
এতে জনবেনেটের মা প্যাটসির চরিত্রে মেলিসা ম্যাককার্থি এবং বাবা জনের চরিত্রে ক্লাইভ ওয়েন অভিনয় করেছেন। হত্যাকাণ্ডের আগের ঘটনা থেকে শুরু করে তদন্তের বিভিন্ন দিক তুলে ধরা হবে সিরিজে।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজটি ১০ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।
দ্য আদার বেনেট সিস্টার
‘প্রাইড অ্যান্ড প্রিজুডিস’-এর গল্প থেকে তৈরি এই সিরিজের কেন্দ্রে রয়েছে বেনেট পরিবারের মেজো মেয়ে মেরি। অন্য বোনদের তুলনায় কম গুরুত্ব পাওয়া মেরির নিজের জীবন, প্রেম ও বিয়ের গল্প তুলে ধরা হয়েছে এতে।
প্রথম মৌসুমের পর এবার তিন পর্বের বিশেষ আয়োজন আসছে। এতে দেখানো হবে বিয়ের পর নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে মেরি।
সিরিজটি ডিসেম্বরে যুক্তরাজ্যে বিবিসি ও যুক্তরাষ্ট্রে ব্রিটবক্সে মুক্তি পাবে।
আনঅ্যাকাস্টমড আর্থ
লেখক ঝুম্পা লাহিড়ীর ছোটগল্প সংকলন থেকে অনুপ্রাণিত এই সিরিজে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত কয়েকটি পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। ফ্রিদা পিন্টো অভিনয় করেছেন পারুল চৌধুরীর চরিত্রে।
ক্যান্সার শনাক্ত হওয়ার পর স্বামী ও ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য তিনি মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যান। সেখানে পুরোনো ভালোবাসার মানুষের সঙ্গে আবার দেখা হয় তার।
এরপর দুই পরিবারের সম্পর্ক নতুন জটিলতার মুখে পড়ে। আবেগঘন এই সিরিজটি ১৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।
তুলসা কিংয়ের স্পিন-অফ সিরিজ
টেইলর শেরিডানের নতুন ক্রাইম-কমেডি সিরিজে অভিনয় করেছেন স্যামুয়েল এল জ্যাকসন। এটি তার নির্মিত ‘তুলসা কিং’ সিরিজের স্পিন-অফ।
এতে রাসেল লি ওয়াশিংটন ওরফে লি চরিত্রে দেখা যাবে জ্যাকসনকে। তিনি একজন সাবেক মাফিয়া ঘাতক, যিনি পুরোনো জীবন ছেড়ে টেক্সাসে নতুন করে ব্যবসা শুরু করেন।
সিরিজের কয়েকটি পর্বে অতিথি চরিত্রে থাকবেন সিলভেস্টার স্ট্যালোন।
এমিলি ইন প্যারিস
জনপ্রিয় রোমান্টিক সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর ষষ্ঠ ও শেষ মৌসুম আসছে ডিসেম্বরে। এবার এমিলিকে প্যারিসের বাইরে গ্রিস ও মোনাকোতেও দেখা যাবে।
একই সঙ্গে তার পুরোনো প্রেমিক গ্যাব্রিয়েল ফিরে আসবে গল্পে। নিজের ভবিষ্যৎ ও সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এমিলি ও তার বন্ধু মিন্ডিকে।
ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ২৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।
কল দ্য মিডওয়াইফ : সিস্টার্স ইন আর্মস
১৫ মৌসুমের জনপ্রিয় সিরিজ ‘কল দ্য মিডওয়াইফ’-এর প্রিক্যুয়েল আসছে তিন পর্বের বিশেষ আয়োজন নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনে ধাত্রীদের কাজ ও জীবনযাপনের গল্প তুলে ধরা হবে এতে।
যুদ্ধের বোমা হামলা, চিকিৎসাসামগ্রীর সংকট এবং কঠিন পরিস্থিতির মধ্যেও মানুষের পাশে থাকার অভিজ্ঞতা দেখানো হবে। ঐতিহাসিক পটভূমির এই সিরিজটি ডিসেম্বরে যুক্তরাজ্যের বিবিসি ওয়ানে মুক্তি পাবে।
