রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

আন্তর্জাতিক স্লাইড

২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার দেওয়া এক ঐতিহাসিক রায়ে আদালত বলেছে, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক আন্তর্জাতিক সনদ লঙ্ঘন করে মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে।

আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া রায় ঘোষণা করে বলেন, মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়ে আন্তর্জাতিক সনদের অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

রায়ে বিচারকদের মধ্যে ৯ জন মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের পক্ষে মত দেন। বিপক্ষে ছিলেন ছয়জন। আদালত ২০১৭ সালের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন।

তবে ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। আদালত জানিয়েছেন, ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি পরবর্তী বিচারিক পর্যায়ে নির্ধারণ করা হবে। পাশাপাশি রায়ের দুই বছরের মধ্যে ক্ষতিপূরণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসংক্রান্ত পদক্ষেপের বিস্তারিত জানিয়ে প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে।

২০১৭ সালে ভয়াবহ সামরিক অভিযান

রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার সদস্যদের পুলিশ ফাঁড়িতে হামলার পর ২০১৬ সালের অক্টোবরে রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। ২০১৭ সালের আগস্টে সেই অভিযান ব্যাপক আকার ধারণ করে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন এবং ৭ লাখ ৪০ হাজারের বেশি মানুষ প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন।

জাতিসংঘের তদন্তে উঠে এসেছে, সামরিক বাহিনী শত শত গ্রামে অগ্নিসংযোগ, নির্বিচারে হত্যা এবং নারী ও কিশোরীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে। এসব কর্মকাণ্ডকে গণহত্যার উদ্দেশ্যের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

নাগরিকত্ব থেকে বঞ্চিত রোহিঙ্গারা

১৯৮২ সালে মিয়ানমারের নাগরিকত্ব আইন প্রণয়নের পর স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়া হয়। দীর্ঘদিন ধরে মিয়ানমারে বসবাস করলেও তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়েছে। ফলে রোহিঙ্গারা বিশ্বের অন্যতম বৃহৎ রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়েছেন।

বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা

মিয়ানমারে নতুন করে সংঘাত ও নির্যাতনের কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শুরু থেকে আরও ১ লাখ ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। সব মিলিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখে পৌঁছেছে।

তাদের অধিকাংশই কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে বসবাস করছেন। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় এসব শিবিরে খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সংকট আরও প্রকট হয়েছে।

বিশেষ করে সাম্প্রতিক সময়ে আসা রোহিঙ্গারা পর্যাপ্ত খাদ্য ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা।

আইসিজের এই রায় রোহিঙ্গা গণহত্যার বিচার ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *