গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব

আন্তর্জাতিক স্লাইড

 

সৌদি আরবে অবস্থানরত গৃহকর্মীদের জন্য তিন মাস মেয়াদী রেসিডেন্সি পারমিট বা ইকামা ইস্যু এবং নবায়নের প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। এর ফলে গৃহকর্মী নিয়োগকারী পরিবারগুলোর ওপর থেকে এককালীন বড় অঙ্কের আর্থিক বোঝা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর যৌথ উদ্যোগে এই নতুন ডিজিটাল সেবাটি চালু করা হয়েছে।

পূর্বে সৌদি আরবে গৃহকর্মীদের ইকামা নবায়নের জন্য সাধারণত এক বা দুই বছরের ফি একসাথে পরিশোধ করতে হতো। তবে নতুন এই নিয়ম অনুযায়ী, নিয়োগকর্তারা এখন থেকে তাদের সুবিধামত ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাসের জন্য ইকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে দেশটির জনপ্রিয় সরকারি সেবা প্ল্যাটফর্ম ‘আবশের’-এর মাধ্যমে।

স্থানীয় গণমাধ্যম ওকাজের বরাতে জানা গেছে, নতুন এই পদ্ধতির ফলে নিয়োগকর্তারা কেবল তাদের নির্বাচিত মেয়াদের জন্যই ইকামার ফি পরিশোধ করার সুযোগ পাবেন। উদাহরণস্বরূপ, কেউ যদি তিন মাস বা এর গুণিতক মেয়াদের জন্য ইকামা নবায়ন করেন, তবে তিনি প্রতি ত্রৈমাসিক হিসেবে এই ফি দিতে পারবেন।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গৃহস্থালির কাজের বৈচিত্র্যময় চাহিদা এবং নিয়োগকর্তাদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করেই এই নমনীয় ব্যবস্থা চালু করা হয়েছে। এই পদক্ষেপটি মূলত সৌদি আরবের রেসিডেন্সি সেবাকে আরও আধুনিকায়ন, সরকারি প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল সেবার পরিধি বাড়ানোর চলমান প্রচেষ্টারই একটি অংশ।

সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *