বাহরাইনে ইরানের হামলায় শিল্প স্থাপনায় আগুন

অর্থনীতি বিশেষ প্রতিবেদন স্পেশাল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বাহরাইনে আবারও হামলা চালিয়েছে ইরান। দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন লাগার পাশাপাশি মার্কিন সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ সময় দুটি মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

পোস্টে জানানো হয়, ইরানের হামলার ফলে দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্যে স্থাপনাটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কথা জানা গেলেও এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আগুন নিয়ন্ত্রণে আনতে দেশটির সিভিল ডিফেন্সের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।ম তবে নিরাপত্তার স্বার্থে হামলার শিকার ওই স্থাপনাটির নাম কিংবা সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয়, শনিবার গভীর রাতে ইরানের ছোড়া একাধিক আকাশপথের হামলা সফলভাবে প্রতিহত করেছে বাহরাইনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা।

এর আগে হামলার আশঙ্কায় পুরো বাহরাইনজুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

সে সময় সম্ভাব্য হুমকির বিস্তারিত তথ্য না জানিয়ে দেশটির বাসিন্দাদের দ্রুত নিকটবর্তী নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায় স্থানীয় কর্তৃপক্ষ। হামলার পরপরই এক আনুষ্ঠানিক বিবৃতিতে অভিযানের বিস্তারিত তুলে ধরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বিবৃতিতে বলা হয়, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালানো হয়েছে।

এই অভিযানে ওই ঘাঁটিগুলোতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলেও দাবি করে আইআরজিসি।

এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছিল, বাহরাইনের শেখ ঈসা ও জুফাইর এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে আইআরজিসি। আইআরজিসির বিবৃতিতে এই হামলার পেছনের কারণও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বাহিনীটি জানায়, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রাসন ও লঙ্ঘনের সরাসরি জবাব দিতেই এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছে।

তাদের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ এবং এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ওই ঘাঁটিগুলোতে আঘাত হানে।

পাশাপাশি ইরানের হেঙ্গাম দ্বীপে অবস্থিত একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতেই শেখ ঈসা ও জুফাইর এলাকার ঘাঁটিগুলোতে অভিযান চালানো হয়েছে বলে জানায় বাহিনীটি। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বাহরাইনের সিত্রা দ্বীপে বড় ধরনের অগ্নিকাণ্ডের একটি ভিন্ন তথ্য সামনে এনেছে।

বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাতে ইরনা জানায়, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে সিত্রা দ্বীপে বিধ্বস্ত হয়েছে।

এর ফলে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পুনরাবৃত্ত কারিগরি ত্রুটির কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশটি বারবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

মাঝে কয়েক সপ্তাহের বিরতি থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে দেশটিতে অন্তত তিনটি ড্রোন হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের এই সংঘাত শুরু হওয়ার পর থেকে কেবল বাহরাইনই নয়, বরং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও নিয়মিত ইরানের পাল্টা হামলার মুখে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *