বহুজাতিক কোম্পানির ওপর ১৫% ন্যূনতম কর চালু করছে সৌদি

আন্তর্জাতিক স্লাইড

আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বৃহৎ বহুজাতিক কোম্পানির ওপর অভ্যন্তরীণ ন্যূনতম টপ-আপ কর বা ডিএমটিটি চালু করতে যাচ্ছে সৌদি আরব। এই নতুন ব্যবস্থার আওতায় সৌদি আরবে কার্যরত যোগ্য বহুজাতিক গ্রুপগুলোর অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার অন্তত ১৫ শতাংশ নিশ্চিত করা হবে।

সৌদি আরবের জাকাত, ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষ বা জাটকা এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। কর্তৃপক্ষের মতে, দেশের কর রাজস্ব সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বৈশ্বিক কর ব্যবস্থার পরিবর্তিত বাস্তবতা ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে নিজেদের কর কাঠামোকে সামঞ্জস্যপূর্ণ করতে চায় রিয়াদ।

দীর্ঘদিন ধরেই বিশ্বের বিভিন্ন দেশ কর ফাঁকি রোধ এবং করের ভিত্তি মজবুত করতে নানা পদক্ষেপ নিচ্ছে। সৌদি আরবের এই পদক্ষেপ সেই ধারাবাহিকতারই অংশ। নতুন এই ন্যূনতম কর সবার জন্য প্রযোজ্য নয়। এটি কেবল নির্দিষ্ট কিছু বৃহৎ বহুজাতিক গ্রুপের প্রতিষ্ঠানের ক্ষেত্রেই কার্যকর হবে।

যেসব বহুজাতিক গ্রুপের বার্ষিক সমন্বিত রাজস্ব পূর্ববর্তী চার অর্থবছরের মধ্যে অন্তত দুটি বছরে ৭৫ কোটি ইউরো অথবা তার সমপরিমাণ সৌদি রিয়াল ছিল, কেবল তারাই এই আওতায় আসবে। এই মানদণ্ড পূরণ না করলে কোনো প্রতিষ্ঠানকে এই অতিরিক্ত টপ-আপ করের মুখোমুখি হতে হবে না। ফলে মাঝারি ও ছোট আকারের প্রতিষ্ঠানগুলো স্বস্তিতে থাকবে।

অন্যদিকে যেসব কোম্পানির কোনো আন্তর্জাতিক কার্যক্রম নেই এবং যারা সম্পূর্ণভাবে দেশীয় ভিত্তিতে পরিচালিত হয়, তারা এই করের বাইরে থাকবে। স্থানীয় ব্যবসা ও দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দিতেই এমন পৃথক অবস্থান রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নতুন কর নিয়ে সম্ভাব্য বিভ্রান্তি দূর করতে অবস্থান স্পষ্ট করেছে সৌদি আরবের জাকাত, ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষ। জাটকা জানিয়েছে, ১৫ শতাংশ করের হার কোনো কোম্পানির মোট রাজস্ব বা আয়ের ওপর আরোপ করা হবে না। বরং এটি প্রযোজ্য হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মুনাফার ওপর কার্যকর করের ক্ষেত্রে। অর্থাৎ লাভের ওপর প্রতিষ্ঠানটি যে হারে কর দিচ্ছে, সেটির হিসাব দেখা হবে।

যদি কোনো যোগ্য বহুজাতিক প্রতিষ্ঠানের কার্যকর করের হার ১৫ শতাংশের নিচে নেমে আসে, তবেই ঘাটতি পূরণে অতিরিক্ত কর আদায় করা হবে। সহজ কথায়, কোনো প্রতিষ্ঠানের কার্যকর কর হার ১৫ শতাংশ বা তার বেশি থাকলে নতুন করে টপ-আপ কর দিতে হবে না। কিন্তু হার কম হলে ব্যবধানটুকু সমন্বয় করতে হবে।

ওইসিডি এবং জি-২০-এর বৈশ্বিক কর চুক্তির ‘পিলার টু’-এর আওতায় সৌদি আরব এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বহুজাতিক কোম্পানিগুলোর কর নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা ও সমঝোতা চলছে। পিলার টু মূলত বৃহৎ করপোরেট গ্রুপগুলোর জন্য একটি ন্যূনতম কর মানদণ্ড নির্ধারণের কাঠামো।

অনেক সময় বহুজাতিক কোম্পানিগুলো কম করহারের দেশে নিজেদের মুনাফা কাগজে-কলমে সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এর ফলে যে দেশে প্রকৃতপক্ষে মুনাফা অর্জিত হয়, সেই দেশ ন্যায্য কর থেকে বঞ্চিত হয়।

সৌদি আরবের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো বহুজাতিক কোম্পানিগুলো যেন কম করহারের দেশে মুনাফা সরিয়ে নিতে না পারে তা নিশ্চিত করা। একই সঙ্গে সৌদি সরকার চায়, নিজেদের ভূখণ্ডে অর্জিত মুনাফার ওপর প্রাপ্য কর যেন স্থানীয়ভাবেই সংগ্রহ করা যায়।

নতুন কর নিয়ম ও এর প্রয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা বা তথ্যের প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরাসরি জাটকার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী বা সংশ্লিষ্ট বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে জাটকার দাপ্তরিক মাধ্যমে যোগাযোগ করতে হবে। এর মাধ্যমে কোম্পানিগুলো তাদের অবস্থান, রাজস্বের হিসাব এবং নতুন নিয়মের সম্ভাব্য প্রভাব সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে পারবে। ২০২৭ সালের ১ জানুয়ারি কার্যকর হওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি ও অনুসরণীয় বিষয়গুলো পরিষ্কার করাই এই নির্দেশনার অন্যতম উদ্দেশ্য।

সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে তাদের অর্থনীতিকে বহুমুখী করতে এবং তেলবহির্ভূত রাজস্ব বাড়াতে নানা সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। কর কাঠামো আধুনিকায়ন ও রাজস্ব সুরক্ষা সেই বৃহত্তর অর্থনৈতিক কৌশলেরই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

বৃহৎ বহুজাতিক সংস্থাগুলোর কাছ থেকে ন্যায্য হারে কর আদায় নিশ্চিত হলে সরকারি কোষাগারের সক্ষমতা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক কর ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলার এই সিদ্ধান্ত ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ ও কর প্রশাসনের স্বচ্ছতায় নতুন মাত্রা যোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *