মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চলতি বছরের প্রথম ছয় মাসে কাতারের মোট রাজস্ব ৪২ শতাংশ কমেছে। দেশটির গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) রপ্তানি ব্যাহত হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
খবর ডন
মঙ্গলবার (১৩ অক্টোবর) দোহায় শূরা কাউন্সিলের বার্ষিক অধিবেশনে দেওয়া বক্তব্যে এ তথ্য জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কাতার বিশ্বের অন্যতম প্রধান এলএনজি রপ্তানিকারক দেশ। যুক্তরাষ্ট্রের পর দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক।
আমিরের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কাতারের রপ্তানির উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া এবং রাস লাফান শিল্পনগরীর কয়েকটি জ্বালানি স্থাপনায় সরাসরি ক্ষয়ক্ষতির কারণে দেশের রপ্তানির বড় একটি অংশ ব্যাহত হয়েছে।
তিনি বলেন, এ সংকটের প্রভাব সরকারি অর্থনীতিতেও পড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটির মোট রাজস্ব ৪২ শতাংশ কমেছে।
কাতারের অর্থনীতিতে প্রাকৃতিক গ্যাস রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে জ্বালানি অবকাঠামোর ক্ষতি ও রপ্তানি কার্যক্রমে বিঘ্ন দেশটির সরকারি আয়কে চাপে ফেলেছে।
