অ্যাভেঞ্জার্স-ডিউনের সঙ্গে লড়ব, কিন্তু শাহরুখের ‘কিং’-এর সঙ্গে নয় : সালমান খান

বিনোদন স্পেশাল

বছরের শেষ দিকে বলিউডের দুই বড় তারকার সিনেমার মুক্তি ঘিরে বাড়ছে উন্মাদনা। তবে শাহরুখ খানের ‘কিং’-এর সঙ্গে বক্স অফিসে কোনো সংঘাত চান না সালমান খান, বরং হলিউডের বড় ছবির সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত তিনি।

বলিউডের পর্দায় বছরের শেষ সময়টা বেশ জমজমাট হতে যাচ্ছে। আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে সালমান খানের সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’।

অন্যদিকে ঠিক তার কয়েক সপ্তাহ পর, ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে আসার কথা শাহরুখ খানের ‘কিং’। কাছাকাছি সময়ে দুই তারকার ছবির মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

মুক্তির তারিখ নিয়ে সম্ভাব্য বক্স অফিস প্রতিযোগিতা এড়াতে সাফ অবস্থান নিয়েছেন সালমান খান। সম্প্রতি হায়দরাবাদের একটি অনুষ্ঠানে নিজের সিনেমা ও মুক্তির সময়সূচি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

সেখানে সালমান স্পষ্ট করে দেন যে শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানের সিনেমার সঙ্গে কোনোভাবেই প্রতিযোগিতায় নামতে চান না। তার কাছে এই সংঘাত এড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বক্তব্যে সালমান বলেন, “শাহরুখ ২৪ ডিসেম্বর আসছে। আর আমি শাহরুখ এবং ওর মেয়ে সুহানার সিনেমার সঙ্গে কোনওরকম সংঘাত চাই না। কোনোভাবেই না।”

বলিউডের সহকর্মীর ছবির সঙ্গে সংঘাত না চাইলেও হলিউডের বড় বাজেটের সিনেমার সঙ্গে লড়াইয়ে পিছিয়ে নেই বলে জানান সালমান। তার মতে, বড় আন্তর্জাতিক ছবির বিপরীতে নিজের ছবি দাঁড় করাতে তার কোনো আপত্তি নেই।

তিনি বলেন, “তবে ‘অ্যাভেঞ্জার্স’ বা ‘ডিউন’-এর মতো হলিউড সিনেমাগুলোর সঙ্গে আমি অনায়াসেই পাল্লা দিতে পারি। যদিও সেগুলো এক সপ্তাহ আগেই মুক্তি পাচ্ছে, তাতে আমার কোনও সমস্যা নেই।”

তারিখ পরিবর্তনের ঝুঁকি কেন নিচ্ছেন না, সে বিষয়টিও ব্যাখ্যা করেন সালমান। তার ভাষায়, “এখন আমি যদি আমার সিনেমার মুক্তির তারিখ বদলাই, তবে শাহরুখের ‘কিং’ তার এক সপ্তাহ পরে মুক্তি পাবে। আর আমি এক্ষেত্রে কোনও সংঘাত চাই না।”

শুধু শাহরুখের ‘কিং’ নয়, আরও একটি বড় বাজেটের বলিউড সিনেমার সঙ্গে সংঘাত এড়াতেই ৪ ডিসেম্বরকে বেছে নিয়েছেন সালমান। একসময় গুঞ্জন ছিল যে ২০২৭ সালের শুরুতে মুক্তি পেতে পারে ‘মাতৃভূমি’।

কিন্তু শেষ পর্যন্ত নির্মাতারা ৪ ডিসেম্বরের তারিখ চূড়ান্ত করেন। এর কারণ জানাতে গিয়ে সালমান উল্লেখ করেন আগামী ২৬ জানুয়ারির সম্ভাব্য মুক্তির কথা।

সালমান বলেন, “পরের বছর ২৬ জানুয়ারি বানসালির বিগ বাজেট ‘লাভ অ্যান্ড ওয়ার’ রয়েছে। ওই ছবিতে ভিকি কৌশল, রণবীর কাপুর, আলিয়া ভাট রয়েছেন। তাই আমি ওদের সিনেমার সঙ্গে আমার সিনেমা রিলিজকে সংঘাতের মুখে ফেলতে চাইনি।”

ভিকি কৌশল, রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সঞ্জয় লীলা বানসালির ওই ছবির সঙ্গে মুখোমুখি না হতেই তিনি ভিন্ন সময় বেছে নেন। পাশাপাশি নিজের আরেকটি ছবির মুক্তির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

সালমান যোগ করেন, “এরপরের সপ্তাহেও একটি ভালো তারিখ রয়েছে, কিন্তু মার্চ মাসে আবার আমার অন্য একটি সিনেমা মুক্তি পাচ্ছে- ‘মনস্টার’। নিজের দুই ছবির মধ্যেও আমি সংঘাত চাইনি।”

‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমার মুক্তি ঘিরে নির্মাতাদের কম কাঠখড় পোড়াতে হয়নি। শুরুতে ছবিটির নাম ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’।

নাম বদল, সেন্সর বোর্ডের ছাড়পত্র এবং নানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই আটকে ছিল এর মুক্তি। আলোচনায় ছিল চীনের আপত্তির প্রসঙ্গও।

সব বাধা কাটিয়ে অবশেষে ৪ ডিসেম্বর মুক্তির তারিখ নির্ধারণ করেছেন সালমান। ফলে ডিসেম্বরে বড় পর্দায় দুই খানের সিনেমা ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *