নির্ধারিত সময়েই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, হাইকোর্টের আদেশ স্থগিত

আইন-আদালত স্লাইড

বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন থেকে ভর্তি পরীক্ষা নিতে আইনগত বাধা থাকছে না।

চাইলে তারা যে কোনো সময় ভর্তি পরীক্ষার আয়োজন করতে পারবে।

আজ সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

গত ১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দেন।

একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা এর আগে জানিয়েছিলেন, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। তাদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। এসব শিক্ষার্থীর কথা বিবেচনা করে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা স্থগিত করেছিলেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়ার কথা রয়েছে।

আপিল বিভাগের আদেশের ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা থাকল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *