রপ্তানি পণ্য বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার তহবিল

অর্থনীতি বিশেষ প্রতিবেদন স্লাইড

 

রপ্তানি খাতে বিদ্যমান সংকট মোকাবিলা করে এ খাতে আয় বাড়াতে রপ্তানি পণ্যের বহুমুখীকরণে কম সুদে ও সহজ শর্তে উদ্যোক্তাদের ঋণ দেওয়ার পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে। তহবিল থেকে উদ্যোক্তাদের সর্বোচ্চ ৭ শতাংশ সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হবে। উদ্যোক্তা রপ্তানি পণ্যের বহুমুখীকরণের জন্য নতুন শিল্প-কারখানা স্থাপন ছাড়াও এ অর্থে চলমান রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে বিনিয়োগ করতে পারবেন।

এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। তৈরি পোশাক খাতের রপ্তানি পণ্যের ওপর একক নির্ভরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংক এই তহবিল গঠন করেছে।

সার্কুলারে বলা হয়, বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য সংগ্রহ করে সেই অর্থে এই তহবিল গঠন করা হবে। তহবিলটি পরিচালনা করবে কেন্দ্রীয় ব্যাংক। এই তহবিল থেকে উদ্যোক্তারা রপ্তানি পণ্য বহুমুখীকরণে বা নতুন নতুন রপ্তানি পণ্য উৎপাদনে কারখানা স্থাপনে ঋণ নিতে পারবেন। ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ। দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হবে। ঋণ পরিশোধের ক্ষেত্রে গ্রাহক সর্বোচ্চ ৬ মাস গ্রেস পিরিয়ড পাবেন। তহবিলটির মেয়াদ হবে তিন বছর। এটি একটি আবর্তনশীল তহবিল হবে। অর্থাৎ সুদসহ তহবিলের আকার বাড়বে। দেশীয় কাঁচামাল ব্যবহার করে রপ্তানি পণ্য উৎপাদনে ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। ব্যাংকের ঋণ ও উদ্যোক্তাদের তহবিলের অনুপাত হবে ৭০ : ৩০। অর্থাৎ মোট প্রকল্প ব্যয়ের ৩০ শতাংশ দিতে হবে উদ্যোক্তাকে। বাকি ৭০ শতাংশ ব্যাংক ওই তহবিল থেকে ঋণ হিসাবে দেবে।

এতে আরও বলা হয়, তবে কোনো ঋণ খেলাপি গ্রাহক এই তহবিল থেকে ঋণ পাবেন না। একই সঙ্গে যেসব গ্রাহকের রপ্তানি আয় দেশে না আনার রেকর্ড রয়েছে-তারাও এই ঋণ পাবেন না।

সার্কুলারে বলা হয়, ঋণের অর্থের সদ্ব্যবহার ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে। ঋণের সার্বিক পরিস্থিতির তথ্য কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *