দেশে হাম ও হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়টি মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর একটি শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করা হয়েছে। এতে করে গত ৫৪ দিনে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৩। এর মধ্যে ২৮৫টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং ৫৮টি শিশুর মৃত্যু সরাসরি হামে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গতকাল বৃহস্পতিবার (৭ মে) সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত সময়ের। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে ৭ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৩ শিশু সিলেট বিভাগের। এ ছাড়া ঢাকায় ২টি এং খুলনা বরিশালে বিভাগে ১টি করে শিশুর মৃত্যু হয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২১২, হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫০টি শিশু। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ২৮২টি শিশুর। এর মধ্যে সর্বোচ্চ ২০৪ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, এরপর আছে চট্টগ্রাম (৪৬)। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯১৪ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছে।
