বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা জারি

জাতীয় স্লাইড

সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পেনশন দ্রুত পরিশোধে নতুন নির্দেশনা এসেছে। এই আদেশে বকেয়া ভাতা ছাড়ের প্রক্রিয়া ও সংশ্লিষ্ট দপ্তরের করণীয় স্পষ্ট করা হয়েছে।

চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) থেকে সম্প্রতি এই নির্দেশনা জারি করা হয়।

গত ১৫ নভেম্বর ডেপুটি চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. সাইফুল ইসলামের স্বাক্ষরে আদেশটি প্রকাশ করা হয়েছে।

আদেশে জানানো হয়েছে, বকেয়া পেনশন পরিশোধসংক্রান্ত আইবাস (iBAS++) সিস্টেমের কারিগরি ও প্রক্রিয়াগত উন্নয়নের কাজ চলছে।

সিস্টেম উন্নয়নের এই কাজের কারণে ‘Arrear Certification’-এর মাধ্যমে বকেয়া পেনশন পরিশোধের অনলাইন অপশনটি আপাতত সীমিত রাখা হয়েছে।

তবে কারিগরি সীমাবদ্ধতার মধ্যেও অবসরপ্রাপ্তদের ভোগান্তি কমাতে বিকল্প প্রশাসনিক পদ্ধতিতে বকেয়া পেনশন পরিশোধের সেবা চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (ইউএও) কার্যালয়গুলো সরাসরি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে কোনো চিঠি পাঠাতে পারবে না।

একইভাবে জেলা হিসাবরক্ষণ ও অর্থ কর্মকর্তা (ডিএএফও) কার্যালয়গুলোকেও সরাসরি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে চিঠি না পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা ও জেলা পর্যায়ের এসব কার্যালয়কে বকেয়া পেনশন সংক্রান্ত আবেদন বা চিঠিপত্র নিজ নিজ ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) কার্যালয়ের মাধ্যমে পাঠাতে হবে।

অন্যদিকে, দেশের সব চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (সিএএফও) কার্যালয় সরাসরি চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) কার্যালয়ে চিঠি পাঠাতে পারবে।

এ ছাড়া সব ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) কার্যালয়ও সরাসরি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে চিঠিপত্র পাঠানোর সুযোগ পাবে।

নতুন এই নির্দেশনার অনুলিপি দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নের জন্য দেশের সব সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠানো হয়েছে।

পেনশন ভাতা ও বকেয়া পরিশোধসংক্রান্ত বিস্তারিত তথ্য ও সহায়তার জন্য পেনশনভোগী ও সংশ্লিষ্টরা www.pension.gov.bd ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন।

এ ছাড়া যেকোনো প্রয়োজনে ০২-৪১০৩০৫৮২ নম্বরে ফোন করে যোগাযোগ করার জন্যও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *