পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সামুদ্রিক মাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজের বরাতে জানা গেছে, মাইন বিস্ফোরণে ভয়াবহ আগুন লাগার পর মারাত্মক ক্ষতিগ্রস্ত অবস্থায় ট্যাংকারগুলো পরিত্যক্ত হিসেবে প্রণালির দক্ষিণ উপকূলে ভেসে থাকে। আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ট্যাংকারগুলো হরমুজ প্রণালির ‘অননুমোদিত’ দক্ষিণ রুটের নৌপথ ব্যবহার করে অতিক্রম করার চেষ্টা করছিল। ইরানি বাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা সম্পূর্ণরূপে উপেক্ষা করে জাহাজগুলো তাদের নিজস্ব রাডার এবং ডিজিটাল নেভিগেশন ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে দিয়ে ওই স্থান থেকে দ্রুত সটে পড়ার চেষ্টা করার সময় এ দুর্ঘটনার মুখে পড়ে।
আইআরজিসি নৌবাহিনী তাদের বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে, সমুদ্রপথে এই ট্যাংকারগুলোতে মাইন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ফলে কৌশলগত সমুদ্রসীমায় ব্যাপক আকারে পরিবেশগত দূষণ ও তেল ছড়িয়ে পড়েছে। এই অনিয়ম ও পরিবেশ বিপর্যয়ের জন্য তারা সরাসরি জাহাজ পরিচালনকারী মালিকপক্ষ এবং ট্যাংকারের ক্রুদের দায়ী করেছে।
একই সাথে, ওই আন্তর্জাতিক রুট দিয়ে চলাচলকারী অন্যান্য সব জাহাজের পরিচালনাকারীদের মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অনলাইন তৎপরতা, নির্দেশনা বা আশ্বস্তকরণকে গুরুত্ব না দেওয়ার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ওই অঞ্চলে যেকোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ বা অননুমোদিত চলাচলের বিরুদ্ধে কঠোর ও সমপরিমাণ জবাব দেওয়া হবে।
