ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার বিশেষজ্ঞদের উপস্থিতি বড় পরিসরে বৃদ্ধির উদ্যোগ নিয়েছে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম।
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের প্রধান আলেক্সি লিখাচেভ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তাদের কর্মীদের প্রত্যাহার করা হবে না। বরং কেন্দ্রটির সক্ষমতা এবং নির্মাণ কার্যক্রম আরও গতিশীল করতে সেখানকার রুশ কর্মীর সংখ্যা বাড়িয়ে ৭০০ জনে উন্নীত করা হবে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজের বরাতে জানা যায়, বর্তমানে এই বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ ও কারিগরি পরিষেবা খাতে ১৯২ জন রুশ বিশেষজ্ঞ নিয়োজিত রয়েছেন। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আরও ৫০৮ জন নতুন বিশেষজ্ঞ এই দলের সঙ্গে যুক্ত হবেন। ফলে ইরানের পরমাণু বিদ্যুৎখাতে সার্বিকভাবে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত অংশীদারত্ব আরও গভীর হচ্ছে। ইতোমধ্যেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন কয়েকটি ইউনিট নির্মাণের জায়গা নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি চুক্তি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে।
উল্লেখ্য, গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) শীর্ষ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার রাতে মস্কোয় পৌঁছান ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। এই সফরের অংশ হিসেবে তিনি ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকের পটভূমিতে পরমাণু কেন্দ্রে রুশ বিশেষজ্ঞ বাড়ানোর সিদ্ধান্তটি দুই দেশের উদীয়মান ভূ-রাজনৈতিক ও প্রযুক্তিগত সমন্বয়ের দিকটিকেই নির্দেশ করে।
