মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাসটি জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের ভেতরে প্রবেশ করে। এরপর শহীদ বেদির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান।
আর মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘১৯৭১ এর শহীদের প্রতি জাতি চির কৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করি। জানাই বিনম্র শ্রদ্ধা।’

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শুক্রবার সন্ধ্যা ৫টা ৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতারা।
বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে জানানো হয়েছে, মহান জাতীয় স্মৃতিসৌধের বেদীতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেল ৫টা ৬ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
