আগামী মাসেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বায়েরার অনুমোদন

জাতীয় স্লাইড

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান কেন্দ্রটির ১ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার এই ইউনিটে প্রাথমিক উৎপাদন কার্যক্রমের অনুমোদন দেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং শেষে আগামী মাসেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা মেনে প্রথম ইউনিটে ‘বি-১’ পর্যায়ের কাজ প্রায় শেষ করা হয়েছে। এ ধাপে মূলত পারমাণবিক জ্বালানি লোডিং এবং চুল্লির সাবক্রিটিক্যাল অবস্থা যাচাই করা হয়। পরবর্তী ‘বি-২’ পর্যায়ের ভৌত পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পরই বায়েরার পক্ষ থেকে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে।

তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পূর্বে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ধাপ সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এখন প্রকল্পটি প্রবেশ করছে ‘সি’ পর্যায়ে, যেখানে ধাপে ধাপে চুল্লির ক্ষমতা বাড়িয়ে চালুকালীন অবস্থায় প্রধান প্রধান যন্ত্রপাতি ও বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, জাতীয় গ্রিডের সঙ্গে জেনারেটর সমন্বিত (সিনক্রোনাইজেশন) করে ধারাবাহিক বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা নিশ্চিত করার পরেই শুরু হবে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *