১০১ চুক্তি পর্যালোচনা প্রসঙ্গে ঢাকার বক্তব্যের প্রতিক্রিয়ায় নয়াদিল্লি

আন্তর্জাতিক স্লাইড

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়কার শতাধিক চুক্তি-সমঝোতা নিয়ে বাংলাদেশের পর্যালোচনা বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানে না ভারত।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান, মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলেন, ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিজ স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এছাড়া ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে রণধীর জানান, দুই দেশের যৌথ নদী কমিশনের অধীনে কারিগরি পর্যায়ের বৈঠক ও আলোচনা প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

রণধীর জয়সওয়াল বলেন, ‘চুক্তিগুলো পর্যালোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কিছুই জানানো হয়নি। স্বাভাবিকভাবেই, ভারত তার স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তির বিষয়ে, আমাদের জয়েন্ট রিভার মেকানিজম বা যৌথ নদী কমিশন রয়েছে পানি সংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনার জন্য। পানি সংক্রান্ত বিষয়ে কারিগরি পর্যায়ের বৈঠক অব্যাহত রয়েছে।’

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করবে বাংলাদেশ। গত সপ্তাহে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘আমরা চুক্তিগুলো পর্যালোচনা করছি। যার অর্থ ১০১টি সমঝোতা স্মারক পর্যালোচনার ফলাফল আপনারা খুব শিগগিরই দেখতে পাবেন।’ এ ব্যাপারে আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেছিলেন দেশটির এক সাংবাদিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *