সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক স্লাইড

সৌদি আরবের কাছে প্রায় ৫ বিলিয়ন (৫০০ কোটি) মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির সম্ভাব্য একটি প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে গাইডেড বোমা, প্রিসিশন কিট ও আনুষঙ্গিক সামরিক প্রযুক্তি।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই বড় চুক্তিটি অনুমোদন দিল আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দপ্তর সূত্রে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় সৌদি আরবকে কয়েক হাজার নিখুঁত-নির্দেশনা কিট, সাধারণ বোমা ও লক্ষ্যবস্তু শনাক্তকারী প্রযুক্তি সরবরাহ করা হবে।

প্রস্তাবিত এ অস্ত্র চুক্তির অধীনে বোয়িং কম্পানি মূল ঠিকাদার হিসেবে ৫,০০৪টি কেএমইউ-৫৭২ ও ৫০০০টি কেএমইউ-৫৫৬ জেডিএএম গাইডেন্স কিট, ৫০০ ও ২০০০ পাউন্ড ওজনের প্রায় দশ হাজার বোমা, ফিউজ সিস্টেম ও টার্গেট ডিটেক্টর সরবরাহ করবে। যার মাধ্যমে সৌদি আরবের নিজস্ব নিরাপত্তা ও আকাশপথের প্রতিরক্ষা শক্তিশালী হলেও অঞ্চলের সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন আসবে না বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরান সংঘাত, সৌদি আরবকে লক্ষ্য করে হামলা এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন করে সক্রিয়তার মুখে রিয়াদ তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও ভূখণ্ড রক্ষায় মনোযোগ দিচ্ছে। এর আগে সৌদি ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘১২৩ চুক্তি’ নামে একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন এই অস্ত্র চুক্তি এবং পারমাণবিক সহযোগিতা—উভয় পদক্ষেপই দুই দেশের মধ্যকার বহুদিনের কৌশলগত সম্পর্ককে আরো শক্তিশালী করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *