সবার কাছে দোয়া চাইলেন ডেঙ্গু আক্রান্ত নাহিদ

খেলা স্পেশাল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন নাহিদ রানা। তবে ফেরার অপেক্ষাটা আরো দীর্ঘ হলো বাংলাদেশি পেসারের।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।এতে স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকায় যাওয়া হচ্ছে না নাহিদের। আজ নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অসুস্থতার খবর জানিয়ে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন নাহিদ। অ্যাডমিনের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘গত চার দিন ধরে প্রচণ্ড জ্বরে ভোগার পর গতকাল হাসপাতালে ভর্তি হন নাহিদ রানা।

পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। সবার দোয়া ও ভালোবাসা কাম্য।’

এর আগে দীর্ঘ চোটের ধকল কাটিয়ে অস্ট্রেলিয়ায় পুনর্বাসন শেষে দেশে ফিরেছিলেন নাহিদ। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন তিনি। সেই চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি এই পেসার।

পুনর্বাসনের সময় নিতম্বের পেশিতে নতুন চোট পান নাহিদ।

এরপর ল্যাব্রামের চোট তাকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকেও ছিটকে দেয়। আর এবার ডেঙ্গু খেলতে দিচ্ছে না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *