হরমুজ থেকে ভারত মহাসাগর নিয়ন্ত্রণের দাবি ইরানের

আন্তর্জাতিক স্লাইড

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্রপথে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে হরমুজ প্রণালির পূর্বাঞ্চল থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তীর্ণ জলসীমায় নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রাখার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ ও আশপাশের সমুদ্র এলাকায় ইরানি নৌবাহিনীর নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে।

ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব কথা জানান ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া।

ইরানের সামরিক মুখপাত্রের এই বক্তব্য এমন সময় সামনে এসেছে, যখন দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।

সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর ও সংলগ্ন জলসীমায় দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান এবং তৎপরতা ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করে, ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজকে অকার্যকর করে দিয়েছে মার্কিন বাহিনী।

ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট জাহাজটি ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, যার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ওমানের খাসাব বন্দরের কাছে দুটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হেনেছে।

আঞ্চলিক জলসীমায় নৌমাইনের এ ধরনের ঘটনার খবর সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই টানাপোড়েনের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা এবং যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে পণ্য পরিবহণে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ও কৌশলগত রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি ঘিরে চলমান এই উত্তেজনা বৈশ্বিক পর্যায়েও প্রভাব ফেলছে।

আন্তর্জাতিক নৌ-বাণিজ্য এবং সমুদ্রপথে জ্বালানি পরিবহণের স্বাভাবিক ধারাবাহিকতা এই অস্থিরতার কারণে চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

তথ্যসূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *