মোদির আশ্বাসের পর ২৭ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

আন্তর্জাতিক

 

প্রশ্নফাঁস কাণ্ডে কঠোর পদক্ষেপ ও ফাস্ট ট্র্যাক আদালতের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার পরেই দীর্ঘ ২৭ দিনের মাথায় অনশন প্রত্যাহার করলেন বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে হাসপাতালের খাটে বসেই তিনি অনশন ভঙ্গ করেন।

অনশন ভাঙার সময় হাসপাতালে উপস্থিত ছিলেন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জৈন আংমো এবং দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা ও জিতেন্দ্র সিংহ। অনশন প্রত্যাহারের পর উপস্থিত সকলে তাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান। প্রধানমন্ত্রী মোদিও সমাজমাধ্যমে ওয়াংচুকের দ্রুত সুস্থতা এবং স্বাভাবিক ওজনে ফিরে আসা কামনা করেছেন।

সরকারের এই সিদ্ধান্তে কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করে ওয়াংচুক জানান, দেশে কোনোভাবেই যেন হিংসা না ছড়ায়, সেই দিকটি মাথায় রেখে এবং কিছু শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পরেই তিনি অনশন তোলার সিদ্ধান্ত নিয়েছেন।

এই শর্তগুলির বিষয়ে বিস্তারিত জানাতে শীঘ্রই একটি আলাদা ভিডিও প্রকাশ করবেন বলেও জানান তিনি। একই সঙ্গে দেশবাসীকে যেকোনো ধরনের হিংসা থেকে দূরে থাকার অনুরোধ জানান সোনম।

সোনম ওয়াংচুক শারীরিক অনশন প্রত্যাহার করলেও এই প্রতিবাদ এখনই সম্পূর্ণ থামছে না। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক ওয়াংচুকের এই ত্যাগকে শ্রদ্ধা জানালেও স্পষ্ট করে দিয়েছেন যে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *