দেশে ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হিসাবে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া সাতজনের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ। বয়সভিত্তিক বিশ্লেষণে ৩৬ থেকে ৪০ বছর বয়সী দুজন এবং ২১ থেকে ২৫, ৩১ থেকে ৩৫, ৫১ থেকে ৫৫, ৫৬ থেকে ৬০ ও ৭১ থেকে ৭৫ বছর বয়সী একজন করে মারা গেছেন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ১ হাজার ৪ জন পুরুষ ও ৫৮৯ জন নারী। তাঁদের মধ্যে ২১ থেকে ২৫ বছর বয়সী রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, ২৫৩ জন। বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগের (ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ছাড়া) হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ৩৮৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এরপর রয়েছে খুলনা বিভাগে ২৯০ জন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১, চট্টগ্রাম বিভাগে ১৬৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২, বরিশালে ১৫৯, রাজশাহীতে ১৩৭, ময়মনসিংহে ৮২, রংপুরে ৬৫ এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৫৫ হাজার ১৬৩ জন। এর মধ্যে পুরুষ ৩৪ হাজার ৩১১ জন (৬২ দশমিক ৫ শতাংশ) এবং নারী ২০ হাজার ৬১১ জন (৩৭ দশমিক ৫ শতাংশ)। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬৪ জনের। মৃত ব্যক্তিদের মধ্যে নারী ৮৬ জন (৫২ দশমিক ৪ শতাংশ) ও পুরুষ ৭৮ জন (৪৭ দশমিক ৬ শতাংশ)। চলতি বছরে এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৯৪১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৬৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৫৮ জন ডেঙ্গু রোগী। বছরের শুরু থেকে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর মাসিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, আগস্ট মাসে আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ২০ হাজার ৫৩৬ জন এবং মৃত্যু হয়েছিল ৪৩ জনের। সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনেই ১৯ হাজার ৩১৭ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৬৭ জনের, যা গত মাসের তুলনায় উদ্বেগজনক হারে বাড়ছে।
বিভাগওয়ারি মোট আক্রান্তের পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) হাসপাতালগুলোতে সর্বোচ্চ ৯ হাজার ১১২ জন রোগী ভর্তি হয়েছেন। সিটি করপোরেশনগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬ হাজার ৭০১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬ হাজার ৩৮৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৭ হাজার ৯২৯ জন, খুলনা বিভাগে ৮ হাজার ৯৬৩ জন এবং বরিশাল বিভাগে ৭ হাজার ৮৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। মৃত্যুর সংখ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শীর্ষে রয়েছে। এখানকার হাসপাতালগুলোয় এ পর্যন্ত ৫১ জন মারা গেছেন।
