রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে রাতে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। শনিবার (৯ মে) রাত ১১টার দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে বিক্ষোভে নামেন তারা।
ঘণ্টা খানেক বিক্ষোভের পর তারা ক্যাম্পাসের ভেতরে চলে যান বলে জানিয়েছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে বিক্ষোভরত শিক্ষার্থীদের একাংশকে ছাত্রদলের ব্যানার ফেস্টুন ছিঁড়ে আগুন দেওয়ার চেষ্টা করতে দেখা যায়।
কলেজের ছাত্রী স্মৃতি আক্তার বলেন, রাত ১১টার দিকে কলেজের প্রস্তাবিত হযরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান।
এর আগে, সন্ধ্যার পর ইডেন কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি রং দিয়ে মুছে দেওয়া হয়।
এ ঘটনার জের ধরেই একদল শিক্ষার্থী আন্দোলনে নামেন বলে ধারণা এ শিক্ষার্থীর।
রাত সাড়ে ১২টার দিকে ওসি মো. ইয়াসিন আলী বলেন, তারা (শিক্ষার্থীরা) রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায়। তারা কিছুক্ষণ আন্দোলন করে ভেতরে চলে গেছেন। তারা ক্যাম্পাসের ভেতরেই আন্দোলন করেছেন।
ক্যাম্পাসের ভেতরেই অবস্থান করছিলেন।


