গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছে ব্যাংকগুলো

অর্থনীতি স্লাইড

 

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ উল্লিখিত সংবিধান সংস্কার প্রস্তাবগুলোর ওপর আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশজুড়ে প্রচারণা শুরু করেছে ব্যাংকগুলো। সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোর প্রতিটি শাখার সামনে এখন সংস্কারের পক্ষে প্রচারপত্র ও ব্যানার টাঙানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর মতিঝিল, দিলকুশা ও পল্টনসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ব্যাংক শাখাগুলোর প্রবেশপথে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। কোথাও সরাসরি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে, আবার কোথাও ‘দেশের চাবি আপনার হাতে’—এমন স্লোগানের মাধ্যমে বিভিন্ন সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা জানান, সরকারের নির্দেশে কেন্দ্রীয় ব্যাংক থেকে মৌখিকভাবে এই প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী শাখাগুলোর সামনে ব্যানার টাঙানো হয়েছে। কর্মকর্তাদের মতে, জুলাইয়ের ছাত্র–জনতার আন্দোলন, নতুন সরকারের যুগান্তকারী সংস্কার এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে সবারই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়া উচিত।

এর আগে গত রোববার বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর ড. আহসান এইচ মনসুর–এর সঙ্গে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর নির্দেশ দেন গভর্নর। বৈঠকে জানানো হয়, সরকারের প্রচারণার অংশ হিসেবে প্রতিটি ব্যাংক শাখায় অন্তত দুটি করে ব্যানার টাঙাতে হবে। এর আগে গত ৫ জানুয়ারি গণভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ–এর সচিব এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)–কে চিঠি পাঠানো হয়।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই সংবিধান সংস্কার-সম্পর্কিত প্রস্তাবগুলোর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সরকারি-বেসরকারি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সম্মুখভাগে দুটি ‘খাড়া ব্যানার’ প্রদর্শনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করা হয়। গত ৪ জানুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে তার বিশেষ সহকারী ও প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়কের বৈঠকে এ বিষয়ে সম্মতি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *