মাত্র ৪২ দিনে ৩০০ মিলিয়ন আয়, কী আছে সিনেমাটিতে?

বিনোদন স্পেশাল
 

মাত্র ১০ লাখ ডলার বাজেটে নির্মিত একটি স্বাধীন হরর সিনেমা। আর মুক্তির মাত্র ছয় সপ্তাহের মাথায় বিশ্বজুড়ে আয় ছাড়িয়ে গেছে ৩৩ কোটি ৩০ লাখ ডলার।

এমন অবিশ্বাস্য সাফল্য নিয়েই বক্স অফিসে নতুন ইতিহাস লিখেছে হরর চলচ্চিত্র ‘অবসেশন’।

বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি–র প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ৪২ দিন পরও ছবিটির বক্স অফিস দাপট কমেনি। বরং সপ্তাহের পর সপ্তাহ দর্শকের আগ্রহ ধরে রেখে একের পর এক রেকর্ড গড়ে চলেছে এটি। মাত্র ১০ লাখ ডলারের বিনিয়োগের বিপরীতে ৩০০ গুণেরও বেশি আয় করে ইতোমধ্যেই বছরের অন্যতম আলোচিত সাফল্যের গল্পে পরিণত হয়েছে ‘অবসেশন’।

বক্স অফিস বিশ্লেষকদের তথ্য বলছে, মুক্তির ষষ্ঠ সপ্তাহান্তে শুধু উত্তর আমেরিকাতেই ছবিটি আয় করেছে আরও ১ কোটি ৪০ লাখ ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে অতিরিক্ত ১ কোটি ৯ লাখ ডলার। ফলে উত্তর আমেরিকায় ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২১ কোটি ৫০ লাখ ডলার এবং বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ৩৩ কোটি ৩০ লাখ ডলারে।

এই সাফল্যের মধ্য দিয়ে ‘অবসেশন’ এখন প্রযোজনা প্রতিষ্ঠান ফোকাস ফিচারসের ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমা।

পাশাপাশি ২০২৬ সালের সবচেয়ে বেশি আয় করা হরর চলচ্চিত্রের স্বীকৃতিও এখন এর দখলে।

শুধু আয়ের দিক থেকেই নয়, বিরল এক বক্স অফিস রেকর্ডও গড়েছে ছবিটি। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ই.টি. দ্য এক্সট্রা-টেরেস্ট্রিয়াল’-এর পর প্রথম চলচ্চিত্র হিসেবে ছুটির মৌসুমের বাইরে টানা কয়েক সপ্তাহ ধরে সপ্তাহান্তের আয় বৃদ্ধি পেয়েছে ‘অবসেশন’-এর।

‘অবসেশন’-এর নির্মাতা ক্যারি বার্কার একসময় মূলত ইউটিউব ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবেই পরিচিত ছিলেন। ‘দ্য চেয়ার’ নামের একটি হরর শর্টফিল্ম এবং ‘মিল্ক অ্যান্ড সিরিয়াল’ নামে একটি ফাউন্ড-ফুটেজ চলচ্চিত্র তৈরি করে তিনি তা ইউটিউবেই বিনা মূল্যে প্রকাশ করেছিলেন।

২০২৪ সালে মাত্র ৮০০ ডলার বাজেটে নির্মিত ‘মিল্ক অ্যান্ড সিরিয়াল’ ছিল তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বন্ধুদের নিয়ে তৈরি সেই সিনেমাটি ইউটিউবে প্রকাশের পর দ্রুত ভাইরাল হয় এবং সীমিত সম্পদেও ভয় ও উত্তেজনার আবহ তৈরির দক্ষতার জন্য প্রশংসা কুড়ান বার্কার।

এরপর ২০২৫ সালে তিনি নির্মাণ করেন ‘অবসেশন’। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘মিডনাইট ম্যাডনেস’ বিভাগে প্রথম প্রদর্শিত হওয়ার পর ছবিটি দর্শক ও সমালোচকদের ইতিবাচক সাড়া পায়। পরে এর স্বত্ব কিনে নেয় ফোকাস ফিচারস।

:/ #obsession #obsessionmovie #edit | Obsessed Movie | TikTok

গত মে মাসে মুক্তির প্রথম দিনেই ছবিটি প্রায় ৭০ লাখ ডলার আয় করে। এরপর দর্শকের মুখে মুখে প্রচারণায় বিশেষ করে ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে সিনেমাটি।‘অবসেশন’-এর গল্প আবর্তিত হয়েছে বিয়ার নামের এক মিউজিক স্টোর কর্মচারীকে ঘিরে। বন্ধু নিকির প্রতি একতরফা ভালোবাসা থেকে সে একটি রহস্যময় অতিপ্রাকৃত খেলনার সাহায্যে নিকিকে নিজের প্রেমে ফেলতে চায়।

শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। নিকি নিজের ব্যক্তিত্ব হারাতে শুরু করে, আর ভালোবাসার আকাঙ্ক্ষা রূপ নেয় এক বিভীষিকাময় দুঃস্বপ্নে। ভালোবাসা, আসক্তি এবং নিয়ন্ত্রণের অন্ধ আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত এই মনস্তাত্ত্বিক হরর ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

এদিকে ‘অবসেশন’-এর পর ক্যারি বার্কারের নতুন চলচ্চিত্র ‘অ্যানিথিং বাট গোস্টস’-এর কাজও শেষ হয়েছে। ছবিটির চিত্রনাট্য, পরিচালনা ও অভিনয়—তিনটি দায়িত্বই পালন করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *