বৈঠকের কথা অস্বীকার ইরানের, তবুও কাতারের পথে মার্কিন দূত

আন্তর্জাতিক স্পেশাল

কাতার যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।  বর্তমানে কাতারের রাজধানী দোহার পথে রয়েছেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে।  যদিও দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হওয়ার তথ্য নাকচ করেছে ইরান।

সিএনএনের খবরে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, উইটকফ দোহার উদ্দেশে রওনা হয়েছেন। তবে তিনি  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে একই বিমানে যাচ্ছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে সোমবার ট্রাম্প বলেন, মঙ্গলবার (৩০ জুন) দোহায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান, সাম্প্রতিক পালটাপালটি হামলার পরও সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।

তবে ইরান সোমবার জানিয়ে দিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়েই আলোচনার বৈঠক নির্ধারিত নেই।

তেহরানের ভাষ্য, এখন তাদের প্রধান লক্ষ্য সমঝোতা স্মারকের বাস্তবায়ন; চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনায় যাওয়া নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *