ভারতীয় স্পাইসজেট বাংলাদেশের আকাশে নিষিদ্ধ

জাতীয় স্পেশাল

 

আকাশসীমা ব্যবহারের ফি বাবদ স্পাইসজেট–এর কাছে বাংলাদেশের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বকেয়া রয়েছে। দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও সংস্থাটি পাওনা পরিশোধ না করায় তাদের জন্য বাংলাদেশের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে না পেরে সংস্থাটিকে বিকল্প দীর্ঘ রুটে উড়োজাহাজ পরিচালনা করতে হচ্ছে। বিশেষ করে কলকাতা থেকে গৌহাটি এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য শহরে পরিচালিত ফ্লাইটগুলো এতে বেশি প্রভাবিত হয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে স্পাইসজেটের একজন মুখপাত্র জানান, আকাশপথ ব্যবহার–সংক্রান্ত ফিসহ অন্যান্য পরিচালনাগত বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এই বিষয়গুলোকে ‘নিয়মিত সমস্যা’ হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘আমরা দ্রুত এই সমস্যার সমাধানের জন্য কাজ করছি। আমাদের ফ্লাইট পরিচালনায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি এবং নিয়ম মেনেই নির্ধারিত সূচি অনুযায়ী আমরা সেবা দিয়ে যাচ্ছি।’

তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, বকেয়া অর্থ পরিশোধ না করার কারণেই বাংলাদেশ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও বকেয়া অর্থের পরিমাণ ঠিক কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪ ডটকম’–এর বৃহস্পতিবারের তথ্য বলছে, কলকাতা থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গৌহাটি ও ইম্ফলের মধ্যে চলাচলকারী স্পাইসজেটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে অনেকটা পথ ঘুরে গন্তব্যে যাচ্ছে।

এদিকে আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার খবরের নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারেও। বৃহস্পতিবার দুপুরের লেনদেনে বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) স্পাইসজেটের শেয়ারের দরপতন হয়ে প্রতিটি শেয়ারের দাম ৬ দশমিক ৮ রুপিতে নেমে আসে। গত সপ্তাহে স্পাইসজেট জানিয়েছিল, গত ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে তাদের ২৬৯ কোটি ২৭ লাখ রুপি লোকসান হয়েছে। মূলত আনুষঙ্গিক খরচ বৃদ্ধি ও এককালীন কিছু ব্যয়ের কারণেই বড় এই আর্থিক ক্ষতির মুখে পড়েছে এয়ারলাইনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *