বাংলাদেশি ৭৩৭৯ পণ্য জাপানে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাবে

বাংলাদেশি ৭৩৭৯ পণ্য জাপানে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাবে

অর্থনীতি স্লাইড

 

জাপানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গভীর করতে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) করল বাংলাদেশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাপানের রাজধানী টোকিওতে এ চুক্তি সই হয় বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। এতে বলা হয়, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে নিজ নিজ সরকারের পক্ষে সই করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইওয়াও। এর মধ্য দিয়ে প্রথমবারের মত কোনো দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি করল বাংলাদেশ।

এ চুক্তির মাধ্যমে তৈরি পোশাকসহ প্রায় ৭,৩৭৯টি বাংলাদেশি পণ্য জাপানের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাবে। বিনিময়ে বাংলাদেশের বাজারে ১,০৩৯টি জাপানি পণ্য ধাপে ধাপে শুল্কমুক্ত বা অগ্রাধিকার সুবিধা ভোগ করবে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, এই ইপিএ চুক্তি কেবল বাণিজ্যিক দলিল নয়, এটি বাংলাদেশের উজ্জ্বল অর্থনৈতিক ভবিষ্যত এবং দুই দেশের মধ্যে দৃঢ় পারস্পরিক আস্থার প্রতিফলন।

তথ্য বিবরণীতে জানানো হয়েছে, পোশাক খাতে ‘সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন’ সুবিধা অন্তর্ভুক্ত হওয়ায় এখন থেকে কাঁচামাল সম্পর্কিত জটিলতা ছাড়াই বাংলাদেশি পোশাক সহজে জাপানে রপ্তানি করা যাবে। পাশাপাশি জাপানের আইটি, ইঞ্জিনিয়ারিং, শিক্ষা, কেয়ারগিভিং ও নার্সিংসহ প্রায় ১৬টি খাতে ১২০টি সেবা খাতে বাংলাদেশি দক্ষ পেশাজীবীরা কাজ করার সুযোগ পাবেন। তার বিপরীতে জাপানের জন্য ১২টি বিভাগের আওতায় ৯৮টি উপখাত উন্মুক্ত করতে বাংলাদেশ সম্মত হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *