বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু হবে ১৪ জানুয়ারি থেকে। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এমপিওভুক্তির আবেদন করা যাবে।
২০২৫-২৬ অর্থবছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে অনলাইনে এই আবেদন গ্রহণ করা হবে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ এ জেড মোরশেদ আলীর সই করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এমপিওভুক্তির আবেদন সরাসরি, ই-মেইল কিংবা ডাকযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বা এর অধীন কোনো দপ্তরে গ্রহণ করা হবে না। অনলাইনে প্রদর্শিত নির্দেশিকা অনুসরণ করেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সব কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হবে। এ বিষয়ে সরকার প্রয়োজন অনুযায়ী যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
