চট্টগ্রামকে শুধু দেশের বাণিজ্যিক রাজধানী নয়, বরং পুরো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে সমুদ্রবন্দর, গভীর সমুদ্রবন্দর, বিমানবন্দর, জ্বালানি ও আন্তর্জাতিক সরবরাহ অবকাঠামো ঘিরে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ‘৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ-২০২৬)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মাসব্যাপী এই মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিহত করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার এই স্বপ্ন শুধু তার একার নয়, প্রধানমন্ত্রী তারেক রহমানও এই অঞ্চলের সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে অত্যন্ত আন্তরিক। চট্টগ্রামকে সঠিক উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী একাধিকবার আগ্রহ প্রকাশ করেছেন। এই বিশাল সম্ভাবনা বাস্তবায়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
চট্টগ্রামকে কেবল বাণিজ্যিক রাজধানীর গণ্ডিতে সীমাবদ্ধ রাখতে চান না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এই শহরের সম্ভাবনা আরও অনেক বিস্তৃত। চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে পুরো অঞ্চলের অর্থনীতির একটি শক্তিশালী বলয় তৈরি করতে চায় সরকার। আঞ্চলিক অর্থনীতির এই বিস্তৃত পরিসর তৈরিতে চট্টগ্রাম বন্দরই হবে মূল চালিকাশক্তি।
বন্দর নগরীর আকাশপথের যোগাযোগ ও পণ্য পরিবহন সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, বিমানবন্দর সম্প্রসারণের বিষয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে এবং খুব শিগগিরই এর কাজ শুরু হবে।
বিমানবন্দরের নতুন অবকাঠামোতে আধুনিক কার্গো ভিলেজ ও পচনশীল পণ্য সংরক্ষণের জন্য বিশেষ কোল্ড চেইন স্টোরেজ সুবিধা রাখা হবে বলে জানান তিনি। এর ফলে তাপমাত্রা নিয়ন্ত্রিত ও সংবেদনশীল পণ্য সংরক্ষণ, বিতরণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সমন্বয় করা অনেক সহজ হয়ে উঠবে।
আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার (সাপ্লাই চেইন) সঙ্গে বাংলাদেশের সংযোগ আরও সুদৃঢ় করতে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের জেবেল আলী বন্দর এলাকায় ২০০ থেকে ৩০০ একর জায়গা চিহ্নিত করা হয়েছে বলে তথ্য দেন অর্থমন্ত্রী। সেখানে আধুনিক গুদাম ও পণ্য সংরক্ষণ অবকাঠামো গড়ে তোলা হবে। এই হাবে সংরক্ষিত পণ্য শুধু চট্টগ্রাম বা বাংলাদেশে নয়, বরং পুরো অঞ্চলে সরবরাহ করা সম্ভব হবে।
চট্টগ্রাম বন্দর নদীভিত্তিক হওয়ায় এখানে বড় আকারের মাদার ভেসেল বা গভীর ড্রাফটের জাহাজ ভিড়তে সীমাবদ্ধতা রয়েছে। এই প্রাকৃতিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সরকার গভীর সমুদ্রবন্দর নির্মাণের দিকে দ্রুত এগোচ্ছে বলে জানান আমির খসরু।
তিনি উল্লেখ করেন, সিঙ্গাপুরের পিএসএ-এর সহযোগিতায় বর্তমানে যে বন্দর প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, সেটি তুলনামূলক গভীর হলেও পূর্ণাঙ্গ গভীর সমুদ্রবন্দর নয়। তাই কক্সবাজারের মহেশখালীতে একটি পূর্ণাঙ্গ গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে। এছাড়া দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাণিজ্য প্রসারের লক্ষ্যে খুলনাতেও আরেকটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।
পরিকল্পিত এসব গভীর সমুদ্রবন্দরের চ্যানেলের গভীরতা ১৫ থেকে ২০ মিটার রাখা হবে বলে জানান মন্ত্রী। এর ফলে বিশ্বের বড় বড় পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে ভিড়তে পারবে, যা আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি যোগাযোগ ও পণ্য পরিবহনের সক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেবে।
শিল্প-বাণিজ্যের প্রসারে নিরবচ্ছিন্ন জ্বালানি ও গ্যাস সরবরাহের গুরুত্ব তুলে ধরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী জানান, দেশে গ্যাস সরবরাহ বাড়াতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে মহেশখালীতে গ্যাস সরবরাহের জন্য দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি কাজ শুরু করেছে এবং জাপানের আরেকটি প্রতিষ্ঠানও এ খাতে বিনিয়োগে এগিয়ে এসেছে।
তবে চলমান জ্বালানি ও অর্থনৈতিক সংকট রাতারাতি সমাধানের কোনো অবাস্তব আশ্বাস দিতে চান না বলে স্পষ্ট জানিয়ে দেন মন্ত্রী। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনই তিনি বলেছিলেন যে এই সংকট কাটিয়ে উঠতে অন্তত দুই বছর সময় লাগবে। এক-দুই দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে—এমন কথা বলা বাস্তবসম্মত নয়।
দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপট তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকারের আমলের ব্যাপক লুটপাট, দুর্নীতি ও অনিয়মের কারণে বর্তমান সরকারকে বিশাল অঙ্কের ঋণের বোঝা টানতে হচ্ছে। ধ্বংসপ্রায় ব্যাংকিং খাতকে নতুন করে পুনর্গঠন করতে হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত শেয়ারবাজারকে স্থিতিশীল করার কাজ চলছে।
এর পাশাপাশি বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজার থেকে উচ্চমূল্যে জ্বালানি কেনার বাড়তি চাপ রয়েছে বলে জানান তিনি। তবে এত সব সংকটের মধ্যেও সরকার দমে না গিয়ে বড় ও উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। জনগণের বিপুল সমর্থন নিয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকায় এসব সাহসী পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিখ্যাত উক্তি ‘মানি ইজ নো প্রবলেম’ উদ্ধৃত করে অর্থমন্ত্রী বলেন, প্রকল্প যদি ভালো, টেকসই ও লাভজনক হয়, তবে অর্থায়নের কোনো অভাব হয় না। এই নীতিকে সামনে রেখেই সরকার উন্নয়ন পরিকল্পনা ও দেশি-বিদেশি অর্থায়ন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।
আগামী ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যমাত্রার কথা পুনর্ব্যক্ত করেন আমির খসরু। তিনি অভিযোগ করেন, দেশের এই অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন পলাতক লুটেরাদের সহ্য হচ্ছে না, তাই তারা আবারও দেশে দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু করার অপচেষ্টা চালাচ্ছে।
অতীতে তারা যে লুটপাট চালিয়েছে, তার মাশুল এখনো দেশের সাধারণ মানুষকে দিতে হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ওই গোষ্ঠী চায় না বাংলাদেশ উন্নয়নের শীর্ষে পৌঁছাক। এই অপশক্তি ও দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিহত করতে ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অর্থনৈতিক উন্নয়ন কেবল সরকারের একার দায়িত্ব নয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এতে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ—সবারই সমান ভূমিকা রয়েছে। অতীতে বাংলাদেশের অর্থনীতি ও সম্পদ গুটিকয়েক মানুষের হাতে কুক্ষিগত ছিল, সরকার সেই বৈষম্যমূলক অবস্থা থেকে বেরিয়ে এসে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে চায়।
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মশিউল আলম স্বপন এবং চেম্বারের পরিচালক ও বাণিজ্য মেলা কমিটির আহ্বায়ক সাইফুল আলম।
