যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। রয়টার্স ও ইপসোসের পাঁচ দিনব্যাপী দেশব্যাপী এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
জরিপের ফল অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের ৪৬ শতাংশ জানিয়েছেন, কংগ্রেস নির্বাচনে তারা ডেমোক্র্যাটদের বেছে নেবেন। অন্যদিকে রিপাবলিকানদের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ৩৮ শতাংশ ভোটার।
একই জরিপে দেখা গেছে, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা প্রায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
জরিপে অংশ নেওয়া প্রায় ৩২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের কার্যক্রমে তারা সন্তুষ্ট। এক সপ্তাহ আগের জরিপেও এই হার একই ছিল। তবে দুই সপ্তাহ আগে রেকর্ড সর্বনিম্ন ৩১ শতাংশে নেমে যাওয়া সমর্থনের তুলনায় তা সামান্য বেশি।
