টানা সাত দিনের ছুটি শেষে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে শনিবার সকাল থেকে পচনশীল পণ্য আমদানি শুরু হয়েছে। তবে সার্ভার জটিলতায় সাধারণ পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সার্ভার সচল না হওয়া পর্যন্ত সাধারণ পণ্য আমদানি করা সম্ভব হবে না বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
বন্দর সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা সাত দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এ সময়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল। বেনাপোল কাস্টম হাউসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র বলেন, সার্ভার সমস্যার কারণে স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করা যাচ্ছে না। বন্দর ও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর পচনশীল পণ্য ম্যানুয়াল পদ্ধতিতে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সার্ভার সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সাধারণ পণ্য আমদানি সম্ভব হবে না।
বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মতিয়ার রহমান জানান, দীর্ঘ ছুটির কারণে সীমান্তের দুই পাশে পণ্যজট তৈরি হয়েছে। কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সকাল থেকে বাংলাদেশি রপ্তানি পণ্যবাহী কোনো ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেনি। বেনাপোল স্থলবন্দরের শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবর রহমান বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর কথা থাকায় শ্রমিকদের কাজে যোগ দিতে বলা হয়েছিল। তবে সার্ভার সমস্যার কারণে কাজ শুরু করা যাচ্ছে না।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন জানান, সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হলেও সার্ভার জটিলতায় তথ্য এন্ট্রি করা সম্ভব হচ্ছে না। কাস্টমসের সঙ্গে আলোচনার পর পচনশীল পণ্য ম্যানুয়াল পদ্ধতিতে আমদানির সিদ্ধান্ত হয়েছে। এদিকে পণ্যবোঝাই ছয়টি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করে স্কেলের সামনে দাঁড়িয়ে আছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা সবাই কর্মস্থলে যোগ দিয়েছেন।
