মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাধারণ দর্শকরা কোনো টিকিট ছাড়াই স্টেডিয়ামে বসে উপভোগ করতে পারবেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। মিরপুর স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানিয়েছে, ম্যাচের পাঁচ দিনই দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন। তবে গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মুশতাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি বা হসপিটালিটি বক্সের জন্য পূর্বের নিয়মেই টিকিট কিনতে হবে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দলটি ইতোমধ্যে ২০ ও ২১ অক্টোবর অনুশীলনের পাশাপাশি বিসিবি একাদশের বিরুদ্ধে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও সফলভাবে সম্পন্ন করেছে।
সিরিজের মূল লড়াইয়ে নামার আগে ২৫, ২৬ এবং ২৭ অক্টোবর মিরপুরের মাঠে অনুশীলন সারবে দুই দলই।
আগামী ২৮ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।
মিরপুর টেস্ট শেষ করে আগামী ২ নভেম্বর সিলেট রওনা হবে দুই দল। এরপর ৫ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
উল্লেখ্য, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই সিরিজটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বর্তমানে ৬টি ম্যাচ খেলে ৫৫ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে, ১২টি ম্যাচে ২০ দশমিক ৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
