‘বাংলাদেশ আমার দেশ, আমেরিকা আমায় টানে না’

বিনোদন স্পেশাল

সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরামর্শ দিয়েছিলেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত কনটেন্ট ক্রিয়েটর প্রিসিলা নাজনীন ফাতেমা। তবে জবাবে আসিফ জানিয়েছিলেন, বাংলাদেশই তার দেশ, আমেরিকা তাকে টানে না।

সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আসিফের সঙ্গে কথোপকথনের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন প্রিসিলা।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী।

ঘটনার পর সামাজিক মাধ্যমে সামনে এসেছে প্রিসিলার সেই পুরনো কথোপকথনের প্রসঙ্গ। সামাজিক মাধ্যমে ‘প্রিসিলা’ নামে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর আসিফ আকবরের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে ওই পরামর্শের কথা জানান।

ছবির ক্যাপশনে প্রিসিলা লেখেন, ‘আসিফ আকবর আঙ্কেলকে বলেছিলাম আমেরিকায় সেটেল হতে। জবাবে তিনি আমায় বলেছিলেন- বাংলাদেশ আমার দেশ। আমেরিকা আমায় টানে না।’

পোস্টের শেষাংশে আসিফ আকবরের প্রতি শুভকামনা জানান প্রিসিলা।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রিসিলাকে নিজের বন্ধুর মেয়ে হিসেবে উল্লেখ করেছিলেন আসিফ আকবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *