ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক স্লাইড

দীর্ঘ ছয় মাস ধরে ইরানের সঙ্গে চলা যুদ্ধ আগামী নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরই শেষ হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নভেম্বরের নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে তেহরান। ওই নির্বাচনের মাধ্যমে মার্কিন কংগ্রেসে রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কি না—তা নির্ধারিত হবে।

ট্রাম্প বলেন, ‘নির্বাচনের পরই যুদ্ধ শেষ হবে, কারণ ইরান আর বেশি দিন টিকে থাকতে পারবে না।’

যদিও এর আগে যুদ্ধ শেষ করার জন্য একাধিক সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প।

তবে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ট্রাম্পকে সতর্ক করেছেন যে, তার প্রেসিডেন্টের মেয়াদের শেষ পর্যন্তও চলতে পারে এই যুদ্ধ।

গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি

এদিকে ইরানের ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে ভূগর্ভস্থ দুটি সুড়ঙ্গ কমপ্লেক্সে থাকা শক্তিশালী স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলারও হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, সেখানে ‘সামান্য তৎপরতা’ দেখা যাচ্ছে এবং ইরানকে সতর্ক থাকতে হবে।

এদিকে ইরান জানিয়েছে, বুধবার গুরুত্বপূর্ণ জলপথ হরমুজের কাছে তারা ১০টি জাহাজে হামলা চালিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেয়। পাল্টাপাল্টি এসব হামলায় হরমুজ প্রণালির নৌ চলাচল আরো ব্যাহত হয়েছে।

একই সময়ে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাতও তীব্র হয়েছে। ইয়েমেনের সরকারি সামরিক সূত্রের দাবি, হুতিরা লোহিত সাগরের উপকূলীয় শহর মোকা নিয়ন্ত্রণে নিয়েছে এবং কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জে হামলা চালাচ্ছে। তারা বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণে আরো প্রভাব বিস্তারের দিকে এগোচ্ছে।

জ্বালানি সরবরাহে বিঘ্নের কারণে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে। এরই মধ্যে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত শহরে ২৪ ঘণ্টায় চতুর্থবারের মতো জরুরি সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহে হুতিদের হামলায় সৌদির চারটি দক্ষিণাঞ্চলীয় শহরে অন্তত ৭৩ জন আহত হয়েছেন।

লোহিত সাগরও বাড়িয়েছে ইরান যুদ্ধের ঝুঁকি

ইয়েমেনে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে গত কয়েক দিনে সংঘাত আরো তীব্র হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর নতুন করে তৈরি হয়েছে ঝুঁকি। ইয়েমেনের কয়েকটি সামরিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হুতিরা লোহিত সাগর উপকূলের শহর মোকা নিয়ন্ত্রণে নিয়েছে। একই সঙ্গে কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জে হামলা চালাচ্ছে তারা।

অন্যদিকে ইয়েমেন সরকারের বাহিনী ও তাদের মিত্ররা বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি দক্ষিণে ধুবাব এলাকায় সরে যাচ্ছে। প্রণালিটির নিয়ন্ত্রণ নিতে ধুবাব ও এর বিপরীতে অবস্থিত পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ বলে সূত্রগুলো জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *