আরো চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্বে আছেন যারা

জাতীয় স্লাইড

বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদে আরো চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে সংসদের সব কমিটি অর্থাৎ ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন সম্পন্ন হলো।

নবগঠিত চারটি কমিটি হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চিফ হুইপ মো. নুরুল ইসলাম একটি কমিটি গঠন এবং বিদ্যমান দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদে কণ্ঠভোটে তার পাস হয়।

নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিনকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। বরগুনা-২ আসনের সদস্য চিফ হুইপ মো. নুরুল ইসলামকে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

এ ছাড়া কয়েকটি বিদ্যমান সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। তবে এসব সংসদীয় কমিটির সভাপতির পদে কোনো পরিবর্তন আনা হয়নি।

পুনর্গঠিত কমিটিগুলো হলো : বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এর মধ্যে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে (চট্টগ্রাম-১৫)।

জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ১১টি বিষয়ভিত্তিক কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *