তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ৩১) বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি সম্মেলনস্থলে অবস্থিত প্যাভিলিয়নটি ঘুরে দেখেন।
প্যাভিলিয়নে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব বিভিন্ন পাটজাত পণ্য ঘুরে দেখেন। পাশাপাশি বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের গৃহীত নানা পদক্ষেপের উপস্থাপনা পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং এর সার্বিক কার্যক্রম ও প্রদর্শিত পণ্যের বিষয়ে খোঁজখবর নেন। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগগুলো কীভাবে তুলে ধরা হচ্ছে, সে সম্পর্কেও জানতে চান তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন দিক প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
