মহার্ঘ ভাতা বাস্তবায়নের দাবি

জাতীয় স্লাইড

সাংবাদিকদের জন্য দ্রুততম সময়ে দশম ওয়েজ বোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দৈনন্দিন ব্যয় বৃদ্ধির কারণে সাংবাদিক সমাজ তীব্র আর্থিক সংকটে রয়েছে। সরকার তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ালেও সাংবাদিকদের কিছুই বাড়েনি। সাংবাদিকরা সবচেয়ে বেশি কষ্টে আছেন। সাংবাদিকরা যে বেতন পান, সেই বেতনে টিকে থাকা দুষ্কর হয়ে পড়েছে। তিনি বলেন, যেভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়িয়েছেন, অবিলম্বে সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করতে হবে। আমরা আশা করছি, এই সরকার সাংবাদিকবান্ধব সরকারের পরিচয় দেবেন।

সমাবেশে ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, দেশে নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। এখন সরকারের কাছে সাংবাদিকদের পাশে দাঁড়ানোর দাবি জানাই। বন্ধ হয়ে যাওয়া গণমাধ্যমগুলোকে প্রণোদনা দিতে হবে। একই সঙ্গে দশম ওয়েজ বোর্ড গঠন করে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে। ডিইউজের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাবেক সভাপতি মোরসালিন নোমানীসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *