দু্ই মিনিটের ভিডিওতে মেসির ২১ বছরের মহাযাত্রা

খেলা স্পেশাল

এক খোলা চিঠিতে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। অবসরের ঘোষণা দেওয়ার ২৩ মিনিট পর সামাজিক মাধ্যমে আরো একটি পোস্ট দেন মেসি।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দুই মিনিটের একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানেই ফুটে উঠেছে ২১ বছরের ক্যারিয়ারের পথচলা।ভিডিওটির ক্যাপশনে মেসি শুধু লিখেছেন ‘এআর’, সঙ্গে যোগ করেছেন একটি লাল ভালোবাসার ইমোজি। এইটুকুই যথেষ্ট ছিল।

মুহূর্তের মধ্যেই ফুটবলার, তারকা এবং লাখো ভক্তের ভালোবাসার বার্তা ও কৃতজ্ঞতায় ভরে যায় পোস্টটি।

সোলেদাদ পাস্তোরুত্তির বিখ্যাত স্প্যানিশ গান ‘ব্রিন্দিস’এর সুর দিয়ে শুরু হওয়া ভিডিওটি। সেই ছোট্ট ছেলেবেলায় বল পায়ে দৌড়নো থেকে শুরু করে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হার, মেসির জীবনের উত্থান, পতন, আনন্দ, কান্না, প্রাপ্তি আর অপূর্ণতার প্রায় সবটুকুই যেন জায়গা করে নিয়েছে ওই দুই মিনিটে।

আছেন দিয়েগো ম্যারাডোনাও।

২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ম্যারাডোনা, আর তার সামনে দাঁড়িয়ে তরুণ মেসি। কোচের পরামর্শ মন দিয়ে শুনছেন ভবিষ্যতের মহাতারকা। সেই দৃশ্য যেন মনে করিয়ে দেয়, এক কিংবদন্তির ছায়া পেরিয়েই আর এক কিংবদন্তির মহীরূহ হয়ে ওঠা।তারপর আসে ২০১৪। বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার।

মেসির চোখে সেই অপূর্ণতার যন্ত্রণা। যে রাতটা আর্জেন্টিনার কোটি সমর্থকের মতো তাঁর কাছেও হয়ে উঠেছিল এক হৃদয়ভাঙা স্মৃতি।

ভিডিওতে রাখা হয়েছে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ার পর মেসির ফুঁপিয়ে কান্নার দৃশ্যও। বয়স, যন্ত্রণা আর হারানোর ভয়, সব মিলিয়ে সেই মুহূর্তে দেখা যায় এক অন্য মেসিকে। মহাতারকা নন, শুধু নিজের দেশের হয়ে সবটা উজাড় করে দেওয়া এক আবেগপ্রবণ ফুটবলার।

আর শেষে ২০২৬। বিশ্বকাপের মঞ্চে আবার মেসি। স্বপ্ন, লড়াই, আনন্দ, তারপর ফাইনালে স্পেনের কাছে হার।

মাত্র দুই মিনিট। অথচ সেখানে যেন কয়েক দশকের এক মহাকাব্য।

একটা বল, একটা ছেলে, একটা স্বপ্ন, আর সেই স্বপ্নকে ছুঁতে ছুঁতে কখন যে ছেলেটি নিজেই ফুটবলের ইতিহাস হয়ে উঠেছেন, সেই গল্পটাই বলে যায় ভিডিওটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *