সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন মির্জা আব্বাস

জাতীয়

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্স। তার সঙ্গে আছেন স্ত্রী আফরোজা আব্বাস এবং ছেলে ইমরান আব্বাস।

রবিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয় বলে মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানিয়েছেন। তিনি বলেন, বেলা ১১টা ১৭ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়েছে।

চার ঘন্টা পথ পাড়ি দিয়ে অ্যাম্বুলেন্সটি পৌঁছানোর কথা সিঙ্গাপুরে।

এর আগে মিজানুর রহমান সোহেল জানিয়েছিলেন, আজ সকাল ৯টা ১০ মিনিটে এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকায় অবতরণ করেছে এবং দুপুর ১২টায় এটি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। তার সঙ্গে যাবেন সহধর্মিণী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ পুত্র মির্জা ইয়াসির আব্বাস ভাশন।

গত বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার পরবর্তী নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শনিবার সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয় এবং চিকিৎসকরা জানিয়েছেন যে পরীক্ষার ফলাফল সন্তোষজনক।

এদিকে বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শুক্রবার তিনি সশরীরে এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন ও তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। বর্তমানে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *