‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। তিন দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজন চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
এবারের প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দেশের প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী জানান, শুধু ঢাকায় নয়, বরং কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে। এ উপলক্ষে পদক প্রদান ছাড়াও দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম, র্যালি, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, রেসিপি প্রতিযোগিতা এবং প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি পদক দেওয়া হবে বলে জানান মন্ত্রী। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত করা হবে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে বিজয়ীদের হাতে এই সম্মাননা পদক তুলে দেবেন।
সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান ও উৎপাদনের বিস্তারিত চিত্র তুলে ধরেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান দাঁড়িয়েছে ১ দশমিক ৮১ শতাংশ।
পাশাপাশি এই খাতে প্রবৃদ্ধির হার অর্জিত হয়েছে ৩ দশমিক ৩০ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। অর্থমূল্যে বিবেচনা করলে, এ খাতের জিডিপির আকার দাঁড়িয়েছে ৯৪ হাজার ৯ কোটি টাকা।
মন্ত্রী আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে, যা দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখছে।
প্রাণিসম্পদ খাতের বহুমুখী গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে এই খাত অগ্রণী ভূমিকা পালন করছে। এ ছাড়া নতুন উদ্যোক্তা উন্নয়ন, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত অত্যন্ত কার্যকর অবদান রাখছে।
কৃষিভিত্তিক অর্থনীতিতে এ খাতের সম্ভাবনা ক্রমেই আরও উজ্জ্বল হচ্ছে এবং রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রণালয় ও অধিদপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় সংবাদ সম্মেলনে অংশ নেন।
