সুজলা-সুফলা, শস্য-শ্যামলা আমাদের প্রিয় বাংলাদেশ। মরুভূমি আর তুষারপাত ছাড়া প্রকৃতির প্রায় সব রূপই ছড়িয়ে আছে সবুজ এই দেশটিতে। প্রতিটি ঋতুতেই বাংলাদেশ সাজে নতুন রূপে, আর শীতকাল ভ্রমণের জন্য সবচেয়ে আদর্শ সময়।
শীতের ছুটিতে ঘরের উষ্ণতা ছেড়ে পরিবার বা বন্ধুদের নিয়ে দেশের অপরূপ প্রকৃতি উপভোগ করার আনন্দই আলাদা। চলুন জেনে নেওয়া যাক, শীতে ভ্রমণের জন্য বাংলাদেশের সেরা ১০টি গন্তব্য সম্পর্কে—
১. কক্সবাজার সমুদ্র সৈকত
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। শীতকালে সমুদ্রপাড়ে সবচেয়ে বেশি পর্যটকের ভিড় জমে, কারণ উপকূলীয় আবহাওয়ার কারণে এখানে শীতের তীব্রতা তুলনামূলক কম থাকে। উত্তাল ঢেউয়ের গর্জনে হারিয়ে যেতে চাইলে শীতের কক্সবাজার অতুলনীয়। লাবণী ও সুগন্ধা পয়েন্টের পাশাপাশি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ ধরে এগোলে দেখা মিলবে হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক, শামলাপুর ও সাবরাংয়ের মতো নয়নাভিরাম জায়গাগুলোর।
২. সেন্টমার্টিন দ্বীপ
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন শীতকালীন ভ্রমণের জন্য দারুণ এক গন্তব্য। স্থানীয়ভাবে ‘নারিকেল জিঞ্জিরা’ নামে পরিচিত মাত্র ১৬ বর্গকিলোমিটারের এই দ্বীপটিতে সাগর পাড়ি দিয়ে যাওয়ার অনুকূল পরিবেশ কেবল শীতকালেই পাওয়া যায়। সৈকতের কোলঘেঁষে সারি সারি নারিকেল গাছ, স্বচ্ছ নীল জলরাশি এবং প্রবাল পাথরের অপূর্ব মেলবন্ধন দেশের আর কোথাও দেখা যায় না। সাগরপাড়ের রিসোর্টে রাত যাপনের অভিজ্ঞতা এই ভ্রমণে ভিন্ন মাত্রা যোগ করে।
৩. সুন্দরবন
পাহাড় কিংবা সমুদ্রের পাশাপাশি শীতকালে গহিন বনের হাতছানিও প্রকৃতিপ্রেমীদের টানে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এবং প্রায় ৬ হাজার বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত এই ম্যানগ্রোভ বনাঞ্চল বন্যপ্রাণী প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। ৩৩০ প্রজাতির উদ্ভিদের এই বনে দেখা মেলে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা ও মায়া হরিণ, কুমির এবং নানা প্রজাতির পাখি ও বানরের। জাহাজে চড়ে সুন্দরবনের কটকা, কচিখালী, হিরণপয়েন্ট, দুবলার চর, পুটনি দ্বীপ ও মান্দারবাড়িয়া ঘুরে দেখার অভিজ্ঞতা আপনাকে দেবে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের স্বাদ।
৪. সাজেক ভ্যালি
রাঙামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ির দীঘিনালা হয়ে সাজেক ভ্যালিতে যাওয়া বেশ সহজ। চারপাশে সবুজ পাহাড়ের সারি আর সাদা তুলোর মতো মেঘের ভেলা সাজেককে করেছে অনন্য। এখানে একই দিনে প্রকৃতির বিচিত্র রূপ দেখা যায়—কখনো রোদের উষ্ণতা, তো পরক্ষণেই হঠাৎ বৃষ্টি কিংবা ঘন কুয়াশা ও মেঘের চাদরে ঢেকে যাওয়া চারপাশ। পাহাড়ের বুক চিরে মেঘেদের এই ওড়াউড়ি দেখতে শীতের সাজেক সেরা।
৫. কুয়াকাটা
একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার বিরল অভিজ্ঞতা নিতে চাইলে গন্তব্য হতে পারে ‘সাগরকন্যা’ কুয়াকাটা। পরিচ্ছন্ন বেলাভূমি, দিগন্তজোড়া নীল আকাশ ও ম্যানগ্রোভ বনের পাশাপাশি এখানকার শুঁটকি পল্লী, ফাতরার বন, গঙ্গামতির জঙ্গল এবং লাল কাঁকড়ার চর পর্যটকদের দারুণ আকর্ষণ করে। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে সড়কপথে কুয়াকাটা যাওয়া এখন অনেক সহজ; এছাড়া লঞ্চে পটুয়াখালী হয়েও যাওয়ার রোমাঞ্চকর সুযোগ রয়েছে।
৬. শ্রীমঙ্গল
