বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। জর্দানভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’র ২০২৭ সংস্করণে তাকে এই অন্তর্ভুক্ত করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশ্বজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মূল্যায়নের জন্য প্রতিবছর এই স্বনামধন্য তালিকাটি প্রকাশ করা হয়ে থাকে।
প্রতিষ্ঠানের প্রকাশিত ১৮তম বার্ষিক সংস্করণে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্ত করা হয়েছে। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার রাজনৈতিক নেতৃত্ব ও ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরআইএসএসসির আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছরের তালিকায় বাংলাদেশ থেকে আরও দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব স্থান পেয়েছেন। তারা হলেন—অধিকারকর্মী ও গবেষক ড. হামিদা হোসাইন এবং মানবাধিকার আইনজীবী রাজিয়া সুলতানা। বিভিন্ন ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের জন্যই এই স্বীকৃতি মিলেছে।
তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে, তিনি বাংলাদেশের একজন অত্যন্ত প্রবীণ ও বিশিষ্ট রাজনীতিবিদ। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করছেন।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক কোনো সংস্থার পক্ষ থেকে এ ধরনের স্বীকৃতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় অর্জন। বিশেষ করে বৈশ্বিক মুসলিম পরিমণ্ডলে দেশের নেতৃত্বের অবস্থান এবং গুরুত্বকে এটি আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।
