সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থেকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আইনি জটিলতা বা অস্পষ্টতা দেখছে না সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত এই আসামিকে দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি ও আন্তর্জাতিক আইনি কাঠামোর মাধ্যমেই দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক ব্রিফিংয়ে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি ও সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক উপস্থিতি নিয়ে একাধিক প্রশ্নের জবাবে সরকারের এই স্পষ্ট অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো সাধারণ কোনো অপরাধের ক্যাটাগরিতে পড়ে না। তিনি মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর ও আন্তর্জাতিক মাত্রার অপরাধে দণ্ডপ্রাপ্ত একজন আসামি।
তিনি বলেন, ১০০ বা ৫০০ খুনের ঘটনার সঙ্গে মানবতাবিরোধী অপরাধের তুলনা করা যায় না, এটি সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত সংবেদনশীল বিষয়। দেশের সংবিধানেও স্পষ্টভাবে বলা আছে যে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে সাধারণ মৌলিক মানবাধিকারের ধারাগুলো স্থগিত বা রহিত থাকে।
ভারতে শেখ হাসিনার অবস্থান ও তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে দিল্লির প্রতিক্রিয়া প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা ভারতের পূর্ববর্তী অবস্থানের কথা উল্লেখ করেন। তিনি জানান, অতীতে ভারতের পক্ষ থেকে আইনি জটিলতার কথা বলা হলেও বর্তমান বাস্তবতায় তা প্রযোজ্য নয়।
উপদেষ্টা যুক্তি দেখিয়ে বলেন, শেখ হাসিনা নিজে যেখানে বিভিন্ন সময়ে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন, সেখানে ভারতের আদালতে কোনো দীর্ঘমেয়াদি আইনি জটিলতা বা বিচারিক প্রক্রিয়ার অজুহাত তৈরি হওয়ার সুযোগ কম। তাছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের একটি সুনির্দিষ্ট প্রত্যর্পণ চুক্তি বহাল রয়েছে।
তিনি নিশ্চিত করেন যে, বাংলাদেশ সরকার ইতোমধ্যেই সেই বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির নিয়ম ও শর্তাবলি মেনে আনুষ্ঠানিক সরকারি চ্যানেলে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারত সরকারের কাছে অনুরোধ বা বার্তা পাঠিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্ট সংক্রান্ত খবর নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে উপদেষ্টা বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, ভারতের দিল্লিতে একটি ল’ ফার্ম থেকে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্ট পাওয়ার জন্য কোনো আবেদন করেননি।
ফলে এই ইস্যুতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে সংক্ষিপ্ত রায় দেওয়া হয়েছে, তা ইতোমধ্যে কার্যকর অবস্থায় রয়েছে। পূর্ণাঙ্গ রায়ের আনুষ্ঠানিক অনুলিপি প্রকাশ পাওয়া একটি নিয়মিত আইনি প্রক্রিয়া, যা নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন করা হবে।
সরকারের সার্বিক দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করে ডা. জাহেদ উর রহমান বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সকল আন্তর্জাতিক ও দেশীয় আইনকানুন শতভাগ মেনে চলাই সরকারের মূল লক্ষ্য।
তিনি জোর দিয়ে বলেন, সরকার কোনো অনিয়মতান্ত্রিক বা অসংগত পথ অবলম্বন করবে না। সম্পূর্ণ স্বচ্ছতা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে এনে বিচারিক ট্রাইব্যুনালের মুখোমুখি করা হবে।
