ডিআর কঙ্গোতে ইবোলা আক্রান্ত ৩২০০, মৃত্যু বেড়ে ১৪০৫

আন্তর্জাতিক স্লাইড

 

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে তিন হাজার ২০০ জনে পৌঁছেছে। সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত এক হাজার ৪০৫ জনের মৃত্যু হয়েছে।

রবিবার প্রকাশিত এ তথ্য অনুযায়ী, দেশটির ১৭তম ইবোলা প্রাদুর্ভাব দ্রুত ছড়িয়ে পড়ছে। মাত্র ১০ দিনে নতুন করে প্রায় এক হাজারজন আক্রান্ত হয়েছেন।

গত ১৫ মে এই প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। এটি ইবোলা ভাইরাসের বুন্ডিবুগিও ধরন, যার জন্য এখনো অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, আক্রান্তদের প্রায় ৯০ শতাংশ উত্তর-পূর্বাঞ্চলের ইতুরি প্রদেশে শনাক্ত হয়েছে। এই প্রদেশের সীমান্ত দক্ষিণ সুদান ও উগান্ডার সঙ্গে যুক্ত। বর্তমানে ভাইরাসটি পাঁচটি প্রদেশে ছড়িয়ে পড়েছে, যার মধ্যে দুটি নতুন প্রদেশও রয়েছে।

জাতিসংঘের মানবিক বিমানসেবা (ইউএনএইচএএস) জানিয়েছে, দুর্গম এলাকায় চিকিৎসক ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ।

একই সঙ্গে পরীক্ষাগারে নমুনা পাঠিয়ে সংক্রমণ শনাক্তের কাজও চালিয়ে যাচ্ছে সংস্থাটি।

কর্তৃপক্ষ বলছে, উন্নত পরীক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থার কারণে আরো বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে। তবে স্বাস্থ্যকর্মীদের বকেয়া বেতনের দাবিতে ধর্মঘটের কারণে কিছু হাসপাতালে রোগ মোকাবেলার কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, এই প্রাদুর্ভাব আরো কয়েক মাস স্থায়ী হতে পারে।

ইবোলা সংক্রমিত ব্যক্তির শরীরের তরলের সংস্পর্শে ছড়ায় এবং এটি মারাত্মক রক্তক্ষরণজনিত জ্বর সৃষ্টি করে।

গত ৫০ বছরে আফ্রিকায় এ ভাইরাসে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিকে, বুন্ডিবুগিও ধরনের বিরুদ্ধে কার্যকর টিকা ও চিকিৎসা উদ্ভাবনে বিজ্ঞানীরা কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *