আইআরজিসিকে নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা, ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

আন্তর্জাতিক

 

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তালিকাভুক্ত করার জেরে তেহরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাসনিম সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বুধবার (১৫ জুন) ইরান যুক্তরাজ্যের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, এই পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং বিষয়টি উপেক্ষা করা হবে না। তেহরানের মতে, এ সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এর একদিন আগে লন্ডনে ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলি নাসিমফারকে তলব করেছিল যুক্তরাজ্য।

ব্রিটিশ সরকারের অভিযোগ, সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপের বিভিন্ন স্থানে হামলা চালাতে প্রক্সি গোষ্ঠীগুলোকে নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে ইরানের ভূমিকা রয়েছে।

এ বিষয়ে ব্যাখ্যা চাইতেই তাকে তলব করা হয়।

গত সোমবার যুক্তরাজ্য নতুন জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আইআরজিসি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠীকে নিরাপত্তা হুমকি হিসেবে তালিকাভুক্ত করে। ব্রিটিশ সরকার বলেছে, বিদেশি রাষ্ট্রগুলো যাতে নজরদারি, নাশকতা ও অন্যান্য গোপন কর্মকাণ্ডে প্রক্সি গোষ্ঠী ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যেই এই আইন প্রণয়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *