কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচারের

বিনোদন স্পেশাল

 

‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুটিং চলাকালীন গলায় অপ্রত্যাশিত তীব্র অস্বস্তিবোধ করলে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।

মঙ্গলবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শারীরিক অসুস্থতার কথা নিজেই জানান নির্মাতা অমি।বর্তমানে ৭ দিনের সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। একদমই কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

পোস্টে অমি আরও জানান, দাঁতের সমস্যার কারণে গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। কিন্তু তা নিয়েই ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শুটিং করেছিলেন। শুটিং স্পটে হঠাৎই তিনি কথা বলতে পারেন না। দ্রুত হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা নির্মাতার গলায় একটি সিস্ট খুঁজে পান। ৭ দিন বিশ্রামে থাকার পর কোনো উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে অমির।

পোস্টের শেষে দ্রুত সুস্থ হয়ে কাজে ফেরার ইচ্ছা প্রকাশ করেন কাজল আরেফিন অমি। দ্রুত সুস্থ হতে সবার কাছে দোয়াও চান নির্মাতা।

পাঠকের জন্য নির্মাতা কাজল আরেফিন অমির ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-

দাঁতের সমস্যার কারণে গত কয়েকদিন ধরে আমি অসুস্থ। আমার চিকিৎসা চলছে এবং আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি। আমি ঠিকমতো বিশ্রাম নিতে পারিনি এবং ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জন্য আবার শুটিং শুরু করে দিয়েছি।

কিন্তু আজ শুটিং চলাকালীন অপ্রত্যাশিত কিছু একটা ঘটলো। হঠাৎ আমার গলায় তীব্র অস্বস্তি অনুভব করি। আমার গলার স্বর ক্ষীণ হয়ে আসলো এবং আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না। যে মুহূর্তটা আনন্দের হওয়ার কথা ছিল সেই মুহূর্তে হঠাৎ আমার খুব ভয় লাগতে শুরু করলো। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না।

আমাদের শুটিং গুটিয়ে ফেলতে হলো এবং আমি হাসপাতালে গেলাম। ডাক্তাররা আমার গলায় একটি সিস্ট খুঁজে পেয়েছেন এবং আমাকে ৭ দিনের জন্য সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছে — একদমই কথা বলা যাবে না। অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

আমি ঠিক বুঝতে পারছি না কী হচ্ছে? এটা বেশ বেদনাদায়ক। আমি একজন কর্মঠ মানুষ। প্রতি মাসে আমরা আপনাদের জন্য ৮টি পর্ব প্রকাশ করি। আমি আশা করি আমি এটা চালিয়ে যেতে পারবো। আমার শুধু আপনাদের দোয়া প্রয়োজন। আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি। দয়া করে আমাকে আপনাদের সবার দোয়ায় রাখবেন। ধন্যবাদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *